বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণ করতে বিশ্বব্যাংকের গঠিত তিন সদস্যের প্যানেল ১৪ অক্টোবর ঢাকা আসছে। আজ বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বলে ইউএনবির খবরে বলা হয়েছে।বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত খতিয়ে দেখতে এটি এই প্যানেলের প্রাথমিক পর্যায়ের প্রথম পরিদর্শন। এ ছাড়াও নিয়মিতভাবে এই পরিদর্শন চলবে। তিন সদস্যের ওই প্যানেল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল। তবে সরকারের নানামুখী তত্পরতায় গত মাসে পদ্মা সেতু প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। ফেরার ঘোষণা দিলেও অর্থ পাওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাংকের দেওয়া শর্তগুলো পূরণের যে কথা বলা হচ্ছে, তার অন্যতম হল দুর্নীতির তদন্ত।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক, আর তাদের সেই কাজ পর্যবেক্ষণ করবে মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন প্যানেল। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পোর নেতৃত্বে এই প্যানেলকে সহযোগিতা করা হবে বলে ইতিমধ্যে সরকার ও দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।আর্জেন্টিনার আইনজীবী ওকাম্পোর নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং ও যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্বব্যাংক ছাড়াও এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। কিন্তু দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক এই প্রকল্পে ঋণ বাতিল করলে তা ঝুলে যায়।দুর্নীতির অভিযোগ তোলার পর ঋণচুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক। তখন সরকারকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু তা পালন হয়নি জানিয়ে চুক্তি বাতিল করে তারা।চুক্তি বাতিলের পর সরকার শর্ত পূরণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় প্রকল্পের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। এর পাশাপাশি দুদককে তদন্ত পর্যবেক্ষণ করতে দিতেও রাজি হয় সরকার, যার ফলে প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় বিশ্বব্যাংক।