বিশ্বব্যাংকের তহবিল নেবে না সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে সরকার তাদের তহবিল নেবে না।আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ১৯তম জাতীয় সম্মেলন ও ৩৫তম কাউন্সিল অধিবেশন উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘মর্যাদাশীল জাতি হিসেবে আমরা মিথ্যা অভিযোগে মোড়ানো কোনো তহবিল গ্রহণ করতে পারি না।’ তিনি বলেন, ‘এই বিশাল প্রকল্পের ব্যাপারে দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই সরকার তা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করে। কিন্তু দুদক এখনো এই প্রকল্পে কোনো প্রকার অনিয়ম খুঁজে পায়নি।’উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। বক্তৃতা করেন আইডিইবি সহসভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। বাসস।