বিশ্বব্যাংকের দ্বিতীয় দল আসছে নভেম্বরে
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দ্বিতীয় প্রতিনিধিদলটি নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসবে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।সম্প্রতি বিশ্বব্যাংক ও আইএমএফের সাধারণ সভায় যোগ দেন অর্থমন্ত্রী, ইআরডি সচিবসহ বাংলাদেশের একটি প্রতিনিধিদল। সভা শেষে গত মঙ্গলবার অর্থমন্ত্রী ও গতকাল ইআরডি সচিব দেশে ফেরেন।ইকবাল মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জাপানে বিশ্বব্যাংক ও আইএমএফের সাধারণ সভার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিদলটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) সঙ্গে বৈঠক করেছে। সেখানেও আমাদের দাবি ছিল, তদন্ত ও সেতু বাস্তবায়নের প্রক্রিয়া একসঙ্গে চলবে। তারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। তাদের সবার সঙ্গে কথা বলে যা মনে হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই তারা (বিশ্বব্যাংকের দ্বিতীয় দল) ঢাকায় আসবে।’দ্বিতীয় প্রতিনিধিদলটি সহযোগী দাতাদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়নব্যবস্থা পুনর্নির্ধারণ করবে। এতে দাতাদের ক্রয়প্রক্রিয়া আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ সম্ভব হবে। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে যে দলটি আলোচনা করবে, ওই দলে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক জ্যাক স্ট্রেইন, সংস্থার এ দেশীয় পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন ও পদ্মা সেতু প্রকল্পে ঋণকার্যক্রমে বিশ্বব্যাংকের দলনেতা মাসুদ আহমেদ।গতকাল বুধবার অর্থমন্ত্রীও সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে তদন্ত ও বাস্তবায়নপ্রক্রিয়া একসঙ্গে চলুক—এটাই আমাদের চাওয়া।’