বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টই এখন ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিমই এখন ভরসা। সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিককে বোঝানো না গেলেও অন্তত তাঁকে বোঝানো যাবে—এ ভাবনা মাথায় রেখে নতুন পরিকল্পনা গ্রহণ করছে সরকার। সে অনুযায়ী কাজও শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ আভাস পাওয়া গেছে। ইআরডির শীর্ষস্থানীয় কর্মকর্তারা মনে করেন, বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের সঙ্গে কিছু বিষয়ে বনিবনা না হওয়ায় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি বাতিল হয়। উল্লেখ্য, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট গত রোববার দায়িত্ব নিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের শেষ কর্মদিবস ছিল ৩০ জুন শনিবার। তার আগের দিন শুক্রবার তিনি পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি ডলার অর্থায়নের বিষয়টি বাতিল করে যান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক বিকল্প পরিচালক আকবর আলি খান মনে করেন, বাতিল হলেও নতুন করে তা হওয়ার বাস্তবতা আছে। প্রথম আলোকে তিনি বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থ দেবে না বলে দিয়েছে। এটা চূড়ান্ত কোনো কিছু নয়। সরকার যদি এখন বলে যে হ্যাঁ, তোমাদের কথা মানি, তাহলে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন না করার কোনো কারণ দেখি না।’ ইআরডির একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থায়ন চুক্তি বাতিলের কয়েক ঘণ্টা আগেও বিশ্বব্যাংকের পক্ষ থেকে শেষ চেষ্টা করা হয়, তাদের শর্তে সরকার রাজি কি না। কিন্তু সরকার এই অযৌক্তিক শর্ত মানতে রাজি হয়নি। ফলে বিশ্বব্যাংক তার মতো করে সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশের জন্য কঠিনই হলো। ওই কর্মকর্তা আরও বলেন, এখন নতুন করে আলোচনা চলবে। নতুন প্রেসিডেন্টকে পদ্মা সেতুর গুরুত্ব ও এ সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে এযাবৎ যা কিছু হয়েছে, তা-ও বোঝানো যাবে বলে সরকার আশাবাদী। এ বিষয়ে আকবর আলি খান বলেন, ‘নতুন পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে নির্বাহী পরিচালকের মাধ্যমে এবং এই পরিকল্পনা বা প্রস্তাব বিশ্বব্যাংকের মনঃপূত হতে হবে।’ বিকল্প নির্বাহী পরিচালকের খুব বেশি কিছু করার থাকে না বলে মন্তব্য করেন তিনি। ইআরডির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘বিশ্বব্যাংকে আমাদের নির্বাহী পরিচালক হলেন ভারতীয় বংশোদ্ভূত এম এন প্রসাদ। বাংলাদেশের বিষয়ে তিনি যথেষ্টই ইতিবাচক মনোভাব পোষণ করেন। সেই সঙ্গে রয়েছেন বিকল্প নির্বাহী পরিচালক কাজী এম আমিনুল ইসলাম। দুজনে মিলেই চেষ্টা করছেন ভালো একটি ফলাফল বের করতে।’ গত শনিবার সন্ধ্যায় পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরকারের বক্তব্য-সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতও প্রায় একই কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাহী পরিচালক এই বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’ অর্থমন্ত্রী শনিবার এও বলেন, ‘আমি আগেও বলেছি, আজও বলছি। বর্তমান অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু হবে।’ আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুনর্বিবেচনা করা তাদের পক্ষে খুবই সম্ভব। তারা যে শর্তগুলো দিয়েছে, সেগুলো মেনে নিলেই বিশ্বব্যাংক আবার আগের অবস্থানে ফিরে যাবে বলে আমার ধারণা।’ বিশ্বব্যাংকের ঋণ পেতে গেলে যেসব শর্ত মানতে হবে, সরকারের পক্ষে সেগুলো মানা সহজ কি না—এমন প্রশ্নের জবাবে আকবর আলি খান বলেন, ‘সার্বভৌমত্ব ক্ষুণ্ন বা অমুক-তমুক বলা হচ্ছে। এখন সরকার এগুলো মানতেও পারে আবার না-ও পারে। সরকার যদি না মানে, তাহলে এমন প্রস্তাব বিশ্বব্যাংককে দিতে হবে, যা তাদের পক্ষে মানা সহজ হয়। অর্থাৎ দুই পক্ষকে একমত হতে হবে। কিন্তু সরকার কাজটি পারবে কি না, তা নির্ভর করবে সরকারের দক্ষতার ওপর।’ ইআরডির একজন শীর্ষ কর্মকর্তা অবশ্য বলেন, গোটা বিষয়টিই নির্ভর করছে সরকারের রাজনৈতিক দর্শনের ওপর। জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়ন সিদ্ধান্ত বাতিলের পর পদ্মা সেতুতে প্রতিশ্রুত তিন সহ-অর্থায়নকারী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে সরকার। ইআরডির কর্মকর্তারা মনে করেন, এডিবি ও জাইকা গতকাল নিয়ম রক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে, যাতে এডিবি বিশ্বব্যাংকের পথ অনুসরণ করলেও জাইকা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। উন্নয়ন-সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার অংশ হিসেবে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ইআরডির সিনিয়র সচিব ইকবাল মাহমুদের সঙ্গে এডিবির আবাসিক প্রতিনিধি থেরেসা খো এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমার আলাদা দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।