বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের: জোয়েলিক(ভিডিও)
বিশ্বব্যাংকের প্রধান রবার্ট জোয়েলিক বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত কিছু বৈশ্বিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া। আর সেই অধিকার যুক্তরাষ্ট্রের আছে। তাই বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে সঠিক মার্কিন প্রার্থীকে নিয়োগ দেওয়াই যুক্তরাষ্ট্র ও ব্যাংকের জন্য মঙ্গলজনক হবে। আজ শনিবার সিঙ্গাপুরে এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।বিশ্বব্যাংক কর্তৃপক্ষ জানায়, বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক আগামী জুনের শেষ দিকে পদত্যাগ করবেন। তাই এপ্রিলের মধ্যে সংস্থাটিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে।
জোয়েলিকের উত্তরসূরি নির্বাচনের লক্ষ্যে গত সপ্তাহে মনোনয়ন প্রক্রিয়া ঘোষণা করে বিশ্বব্যাংক। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকটির ১৮৭টি সদস্য রাষ্ট্রের কাছ থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী আহ্বান করা হয়েছে।জোয়েলিক বলেন, ‘জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, আঞ্চলিক ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ পদ নেই। আমি চাই, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থার দায়িত্বশীলতা অনুভব করুক। আমি মনে করি, এ পদে যোগ্য মার্কিন প্রার্থী পাওয়া গেলে তা যুক্তরাষ্ট্র ও ব্যাংকের জন্য মঙ্গলজনক হবে।’ জোয়েলিক বলেন, তবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা নেই।অনেকেই বলছেন, এ প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের দায়িত্ব আমেরিকার বাইরের কারও পাওয়া উচিত। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এখন পর্যন্ত দুই মার্কিনির নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এঁরা হলেন—বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং হোয়াইট হাউসের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী লরেন্স সামারস। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হিলারি ক্লিনটন এ পদের ব্যাপারে আগ্রহী নন।উল্লেখ্য, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেন। ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য ড. ইউনূস সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। তাঁর এ অভিজ্ঞতা বিভিন্ন দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম ছড়িয়ে দিতে মূল্যবান সম্পদ হিসেবে কাজে আসবে। তিনি বলেন, ইইউ ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান নির্বাচিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করতে পারে। নোবেল জয়ী এই অর্থনীতিবিদের গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানসহ বিশ্বজুড়ে স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।প্রধানমন্ত্রীর এ প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে বাংলাদেশে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে।