বিশ্বব্যাংকের নয়, এটি জোয়েলিকের ব্যক্তিগত মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বিবৃতি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’। পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংকের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার এ মন্তব্য করেছেন।মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রী বলেন, ‘বিবৃতিতে যে ভাষা এবং ভাব ব্যক্ত করা হয়েছে, বিশ্বব্যাংক সে রকম বিবৃতি তাদের কোনো সদস্যদেশ সম্পর্কে দিতে পারে কি না, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই বিবৃতি আমরা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমার মনে হয়, এটি বিশ্বব্যাংকের মন্তব্য নয়। এটি বিশ্বব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জোয়েলিকের ব্যক্তিগত মন্তব্য।’অর্থমন্ত্রী বলেন, ‘৩০ জুন ভোররাতে আমরা অবহিত হই যে, বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য যে ঋণ অনুমোদন করেছিল, সেটি তারা বাতিল করেছে। অতঃপর আজ সকালে বিশ্বব্যাংকের বিবৃতি প্রকাশিত হয়। এতে বলা হচ্ছে, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ আমাদের কাছে তুলে ধরে এবং সে বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিইনি। এই বক্তব্য সঠিক নয়। এই বিষয়ে নয় মাস ধরে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের আলোচনা এবং চিঠিপত্রের আদান-প্রদান হচ্ছে এবং বিশ্বব্যাংকের সন্দেহ নিরসনের জন্য আমরা অসাধারণ সব পদক্ষেপ নিয়েছি। পদ্মা সেতু প্রকল্পে প্রকৃতপক্ষে কোনো ধরনের দুর্নীতি আজ পর্যন্ত হয়নি; যদিও প্রায় দেড় হাজার কোটি টাকা ইতোমধ্যে ব্যয় হয়েছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, সবই সম্ভাব্য দুর্নীতি, যা দরদাতা নিয়োগ করলে হতে পারে।’অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আগামীকাল সোমবার জাতীয় সংসদে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।