বিশ্বব্যাংকের নয়, জোয়েলিকের ব্যক্তিগত মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বিবৃতি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান অর্থমন্ত্রীর পক্ষে আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। এতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্প বিষয়ে বিশ্বব্যাংকের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আজ যা প্রকাশিত হয়েছে, সে বিষয়ে বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘বিজ্ঞপ্তিতে যে ভাষা এবং ভাব ব্যক্ত করা হয়েছে বিশ্বব্যাংক সে রকম বিবৃতি সদস্য কোনো দেশ সম্বন্ধে দিতে পারে কি না, সে সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই বিবৃতি আমরা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমার মনে হয় এটি বিশ্বব্যাংকের মন্তব্য নয়। এটি বিশ্বব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জোয়েলিকের ব্যক্তিগত মন্তব্য।’অর্থমন্ত্রী বলেন, ‘৩০ জুন ভোররাতে আমরা অবহিত হই যে বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য যে ঋণ অনুমোদন করেছিল, সেটি তারা বাতিল করেছে। অতঃপর আজ সকালে বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।’অর্থমন্ত্রী বলেন, ‘বিবৃতিতে বলা হয়েছে যে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ আমাদের কাছে তুলে ধরে এবং সে বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিইনি। এই বক্তব্যটি সঠিক নয়। এই বিষয়ে গত নয় মাস ধরে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের আলোচনা এবং চিঠিপত্রের আদান-প্রদান হচ্ছে এবং বিশ্বব্যাংকের সন্দেহ নিরসনের জন্য আমরা অসাধারণ সব পদক্ষেপ নিয়েছি। পদ্মা সেতু প্রকল্পে প্রকৃতপক্ষে কোনো ধরনের দুর্নীতি আজ পর্যন্ত হয়নি; যদিও প্রায় দেড় হাজার কোটি টাকা ইতিমধ্যে ব্যয় হয়েছে। বিশ্বব্যাংকের আশঙ্কা সবই সম্ভাব্য দুর্নীতি, যা দরদাতা নিয়োগ করলে হতে পারে।’আগামী সোমবার জাতীয় সংসদে একটি বিস্তৃত বক্তব্য রাখার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সে জন্য এই মুহূর্তে বিশ্বব্যাংকের এই বিজ্ঞপ্তি সম্বন্ধে আর বিশেষ কিছু বলছি না।’