বিশ্বব্যাংকের পথে এডিবি, আগের অবস্থানে জাইকা
পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে সরে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্বব্যাংকের মতো একই নীতি, নিয়ম ও কর্মপদ্ধতি অনুসরণ করে এডিবি। যেসব কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তা অনুধাবন ও সম্মান করে বলে গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এডিবি।তবে জাপানের উন্নয়ন সংস্থা (জাইকা) গতকাল দুটি বিবৃতি দিয়েছে। দুপুরে তারা বলেছে, অন্য সহ-অর্থায়নকারীদের অবস্থান জানিয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এই সংস্থাটি। সন্ধ্যায় সংস্থাটি বলেছে, জাইকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আশা করি, বাংলাদেশ সরকার গঠনমূলক উপায়ে চলমান পরিস্থিতি মোকাবিলা করবে।এডিবির বক্তব্য প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, অন্য অর্থায়নকারীরা এখন পদ্মা সেতু প্রকল্প থেকে সরে যাবেন এটাই প্রত্যাশিত। কারণ, অর্থায়নকারীরা একে অপরের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেন। এটাই অস্বাভাবিক হবে—যদি কোনো সহ-অর্থায়নকারী এই প্রকল্পে ঋণ দিতে এখনো সম্মত থাকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দায়িত্বশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কনসোর্টিয়াম ঋণের ক্ষেত্রে কোনো অর্থায়নকারী যদি ঋণ দিতে অসম্মতি জানায়, তবে পদ্ধতিগতভাবে অন্য অর্থায়নকারীদের ঋণ পাওয়া যায় না। নিয়ম অনুযায়ী, কোনো প্রকল্পের কনসোর্টিয়াম ঋণের ক্ষেত্রে কোনো এক দাতা সংস্থা বা দেশ যদি ঋণ বাতিল করে, তবে অন্য দাতারাও আর অর্থ দেয় না। যদি কোনো দাতা প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ দেখায়, তবে নতুন করে ঋণচুক্তি করতে হবে। এদিকে, গতকাল সারা দিনই বিভিন্ন দাতা সংস্থা ও দেশের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে ইআরডির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ সময় পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এডিবির বিবৃতি: এডিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, এডিবি জানতে পেরেছে যে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের ঋণচুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। পদ্মা হলো বাংলাদেশ ও এই অঞ্চলের একটি যুগান্তকারী প্রকল্প। বিশ্বব্যাংক হলো এই প্রকল্পের প্রধান অর্থায়নকারী ও ব্যবস্থাপক। এই প্রকল্পের অন্য অর্থায়নকারীরা হলো এডিবি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)। বিবৃতিতে আরও বলা হয়, যেসব কারণে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে, এডিবি তা অনুধাবন ও সম্মান করে। সুশাসন ও প্রতারণামূলক কার্যক্রমের তদারকির জন্য একই ধরনের নীতি, নিয়ম ও কর্মপদ্ধতি অনুসরণ করে বিশ্বব্যাংক ও এডিবি।গভীর হতাশা প্রকাশ করে এডিবি বলছে, প্রকল্পটিকে বাস্তবায়নে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে না পারায় এডিবি গভীরভাবে দুঃখিত। যদিও বাংলাদেশ ও এই অঞ্চলের জন্য পদ্মা সেতু নির্মাণ প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে।এডিবি আরও বলেছে, বাংলাদেশ সরকার ও এর জনগণের সঙ্গে এডিবির দীর্ঘদিনের সম্পর্ক। বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রতিশ্রুতির কথা এডিবি পুনর্ব্যক্ত করছে। এডিবির এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, কোনো প্রকল্পে যদি একাধিক অর্থায়নকারী থাকে, আর কোনো এক অর্থদাতা যদি প্রকল্পটিতে অর্থ দিতে অসম্মতি জানায়, তবে পদ্ধতিগতভাবে সহ-অর্থায়নকারীও আর অর্থ দেয় না। জাইকার অবস্থান: গতকাল দুপুরে জাইকার এক বিবৃতিতে বলা হয়েছে, সহ-অর্থায়নকারীদের অবস্থান জানিয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রকল্প সম্পর্কে নিজস্ব অবস্থান জানাবে জাইকা।বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল সম্পর্কে জাইকা আরও বলেছে, বিশ্বব্যাংক ও বাংলাদেশের সরকারের নানামুখী উদ্যোগ নেওয়া সত্ত্বেও যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা বেশ দুঃখজনক। পরে সন্ধ্যায় জাইকা আগের অবস্থানে থাকার কথা জানায়। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংকের প্রধান অর্থায়নকারী হিসেবে ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। এ জন্য গত বছরের ২৮ এপ্রিল সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করে বিশ্বব্যাংক। কিন্তু দুর্নীতির অভিযোগ এনে প্রকল্পটিতে অর্থায়নে সরকারের সঙ্গে এক বছর ধরে টানাপোড়েন চলছিল বিশ্বব্যাংকের। গত ২৯ জুন বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করে।অন্যদিকে সহ-অর্থায়নকারী হিসেবে এডিবি ৬৫ কোটি ডলার দেওয়া কথা রয়েছে। এ জন্য ২০১১ সালের ৬ জুন এডিবির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। গত বছরের ১৮ মে ৪৫ কোটি ডলারের ঋণচুক্তি করে জাইকা। অন্যদিকে আইডিবির ১৪ কোটি ডলার দেওয়ার কথা ছিল। ইতিমধ্যে কিছু অর্থ ছাড় অনুমোদন দিয়েছে আইডিবি। ইআরডি সূত্রে জানা গেছে, এর বিনিময়ে কিছু সেবা মাশুল দিয়েছে বাংলাদেশ। কিন্তু এখন পুরো ঋণচুক্তিটি বাতিল করা হলে আইডিবির অর্থ ফেরত কীভাবে নেওয়া হবে, আর বাংলাদেশ মাশুল কীভাবে ফেরত পাবে—সেটা নিয়ে জটিলতা রয়েছে। ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আইডিবির এই অর্থ ফেরত নেওয়ায় জটিলতা রয়েছে। তবে চুক্তির আইনি কাঠামোয় এ ধরনের অর্থ ফেরত নেওয়ার কোনো সুযোগ রয়েছে কি না, তা-ও দেখতে হবে।