বিশ্বব্যাংকের প্রধান পদে ইউনূস যোগ্য: ল্যামবার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবটিকে ইতিবাচক ও আগ্রহ উদ্দীপক বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।আজ বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ অভিমত দিয়েছেন ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সফররত নেতা জিন ল্যামবার্ট। সাত সদস্যের ইইউ প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসে।গতকাল বুধবার ইইউ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি গ্রামীণব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালককে বিশ্বব্যাংকের প্রধান পদে মনোনয়নের প্রস্তাব দেন। এ বিষয়টিকে কীভাবে দেখেন, জানতে চাইলে ল্যামবার্ট বলেন, ‘প্রস্তাব হিসেবে আমরা এটিকে ইতিবাচক ও আগ্রহ উদ্দীপক মনে করি। পাশাপাশি এভাবে প্রস্তাব আসায় আমরা বিস্মিতও হয়েছি। তবে এ কথা ঠিক যে সম্মানজনক পদটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তির নাম প্রস্তাবটি আস্থার বহিঃপ্রকাশও বটে।’ল্যামবার্ট বলেন, এ প্রস্তাবটি ইইউ পার্লামেন্টে তোলা হবে। বিশ্বব্যাংকের প্রধান হিসেবে ড. ইউনূস একজন যোগ্য ব্যক্তি।যুক্তরাজ্যের গ্রিন পার্টির পার্লামেন্ট সদস্য জিন ল্যামবার্ট বলেন, বিশ্বব্যাংকে ইইউর কোনো ভোটাধিকার নেই। তবে ইইউভুক্ত বেশ কয়েকটি দেশের ভোটাধিকার রয়েছে। তিনি জানান, অক্সফামসহ ৬০টি সংস্থা ও ইইউ পার্লামেন্ট আংশিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নিয়োগে স্বচ্ছতা আনতে সংস্কারপ্রক্রিয়াকে সমর্থন করে। তিনি আরও বলেন, ‘সবচেয়ে বেশি অর্থের জোগান দিচ্ছে—এমন দেশের কাছে ক্ষমতা না দিয়ে বিশ্বব্যাংকের প্রধান পদে নিয়োগপ্রক্রিয়া নতুন করে ভাবার সময় এসেছে। কারণ ওই পদে এমন কাউকে বসানো উচিত, যাঁর অভিজ্ঞতা রয়েছে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে কী ধরনের সাহায্যের প্রয়োজন—সে সম্পর্কে।প্রস্তাবটি নিয়ে তাঁদের পরবর্তী ভাবনা সম্পর্কে জানতে চাইলে ল্যামবার্ট বলেন, বাংলাদেশ সফররত প্রতিনিধিদলের কেউ কেউ তাঁদের দেশে বিষয়টি তুলবেন। আর অন্যরা চমকপ্রদ প্রস্তাবটি নিয়ে ইইউ পার্লামেন্টে আলোচনা করবেন।ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার কথা বলে শেখ হাসিনা রসিকতা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজনকে যখন এ ধরনের সম্মানজনক পদে মনোনয়নের প্রস্তাব করা হয়, তখন সেটিকে অন্তত রসিকতা বলা যায় না।’বিশ্বব্যাংকে সংস্কারের ওপর গুরুত্বারোপ করে ল্যামবার্ট বলেন, উন্নয়নশীল দেশগুলোর কী চাহিদা, সেটা বোঝার ক্ষমতা ড. ইউনূসের আছে। পাশাপাশি তাঁর রয়েছে অর্থনীতির ভাবনাও।যেভাবে প্রস্তাবটি এল: ইইউ প্রতিনিধিদলটি গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত্ করেন। এ প্রসঙ্গে জিন ল্যামবার্ট এ প্রতিবেদককে বলেন, এ সময় ড. ইউনূসের প্রসঙ্গটি তোলেন হুয়ান ফার্নান্দো লোপেজ আগুইলার। স্পেনের এ পার্লামেন্ট সদস্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে কাজে লাগানোর প্রসঙ্গটি তোলেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন কোন প্রেক্ষাপটে ড. ইউনূসকে গ্রামীণব্যাংক থেকে সরে যেতে হয়েছিল। এরপর আকস্মিকভাবেই শেখ হাসিনা প্রস্তাব করেন ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের।