বিশ্বব্যাংকের প্রধান হতে চান হিলারি ক্লিনটন!
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। এ ব্যাপারে তিনি হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করেছেন বলেও ওই সূত্রগুলো দাবি করে।সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছেড়ে আগামী বছর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি ক্লিনটন হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা সংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থাকে জানিয়েছে, হিলারি ক্লিনটন বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রধান হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এরই মধ্যে হিলারির এ ইচ্ছায় সমর্থনও দিয়েছেন। তবে বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে কখন বা কবে হিলারিকে ওই পদে মনোনয়ন দেবেন, তা পরিষ্কার নয়।২০১২ সালের মাঝামাঝি বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের মেয়াদ শেষ হবে। হিলারিকে ভালোভাবে জানেন, এমন একটি সূত্র জানিয়েছে, তিনি এ চাকরিটা চান। অপর একটি সূত্রের কাছ থেকেও এ বিষয়ে হিলারির আগ্রহের কথা জানা গেছে। তবে হোয়াইট হাউস ও হিলারি ক্লিনটনের মুখপাত্র এ ধরনের খবরের সত্যতা নাকচ করে দিয়েছে। এর আগে হিলারি ক্লিনটন ঘোষণা দিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক মেয়াদের বেশি থাকার ইচ্ছা তাঁর নেই।