বিশ্বব্যাংকের বক্তব্য নিয়ে বিচার চাইলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি অন্য দাতাদের পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, ‘এটা সত্যিই আমাদের জন্য মর্যাদার বিষয়। আমরা বিশ্বব্যাংকের বক্তব্য গ্রহণ করিনি। বিশ্বব্যাংকের বক্তব্য সত্য নয়, একধরনের মর্যাদাহানিকর। এ জন্য দাতাদের বলেছি, আপনারা নিজেরাই বিষয়টি দেখেন, বিচার-বিবেচনা করেন। দাতাদের আমাদের সঙ্গে থাকা উচিত।’গতকাল সোমবার বাংলাদেশে কার্যরত দাতাদেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধিদের ফোরাম স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা জানান। দাতাদের পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানাতে এই বিশেষ বৈঠক ডাকা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, দাতাদের পক্ষ থেকে এ সময় জানানো হয়, সরকার বলছে যে দুর্নীতির বিষয়ে আপসহীন থাকবে। দাতারা এটা পর্যবেক্ষণে রাখবে। আর দাতারাও দুর্নীতির বিষয়গুলো কঠোরভাবে দেখে। বৈঠকে দাতাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়ন চুক্তি হয়েছে দ্বিপক্ষীয় ভিত্তিতে। তাই এ ধরনের সমাধান এলসিজির মতো ফোরামে সমাধান সম্ভব নয়।শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও এলসিজির কো-চেয়ার ইকবাল মাহমুদ, দাতাদের পক্ষে এলসিজির কো-চেয়ার ও জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি নিয়েল ওয়াকার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি তেরেসা খো, জাইকা, সুইডেনসহ বিভিন্ন দাতাদেশ ও সংস্থার প্রতিনিধিরা।তবে বৈঠকে বিশ্বব্যাংকের কোনো প্রতিনিধি ছিলেন না। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন।বৈঠক শেষে অর্থমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে সরকারের অবস্থান জানাতে এ বৈঠক ডাকা হয়েছে। আমি জাতীয় সংসদে যা বলেছি, আজকের বৈঠকে দাতাদেরও একই ব্যাখ্যা দিয়েছি।’নিয়েল ওয়াকার সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা সরকারের অবস্থান শুনেছি। বলেছি, আমরাও দুর্নীতির বিষয়ে কঠোর।’ইআরডির সচিব ইকবাল মাহমুদ জানান, মূলত পদ্মা সেতু নিয়ে সরকারের অবস্থান দাতাদের সামনে তুলে ধরা হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অভিযোগ নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী দাতা প্রতিনিধিদের জানান, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংকের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি দাতাদের পর্যালোচনা করে ন্যায়সংগত অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়। এই সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়া এডিবি, জাইকাসহ অন্য দাতাদের কাছে প্রয়োজনে নতুন করে সহায়তা চাওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী পদ্মা সেতু নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির ব্যাখ্যা দিয়ে সরকারের সর্বশেষ অবস্থান জানিয়ে বক্তব্য দেন। তবে দাতাদের পক্ষ থেকে নিয়েল ওয়াকার ছাড়া অন্য কোনো দাতা প্রতিনিধি বক্তব্য দেননি। দুজনেই আনুষ্ঠানিক বক্তব্য দেন।পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল করার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী ২ জুলাই জাতীয় সংসদে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। এরপর প্রধানমন্ত্রীও একাধিকবার পদ্মা সেতু নিয়ে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী—দুজনেই পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির সম্পৃক্ততা থাকার অভিযোগ নাকচ করেন।গত ২৯ জুন বিশ্বব্যাংক পদ্মা সেতুতে প্রতিশ্রুত ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এরপর সহ-অর্থায়নকারী এডিবিও এ প্রকল্পে ৬১ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে আসে। তবে অন্য সহ-অর্থায়নকারী জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) তাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।