যেকোনো মুহূর্তে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক
বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি দেশটাকে অপমান করেছে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি জোর গলায় বলতে পারি পদ্মা সেতু প্রকল্পে কোনো অপচয় বা দুর্নীতি হয়নি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে এই অর্থবছরে আমরা পদ্মা সেতুর কাজ শুরু করব।’ এ ছাড়া এ নিয়ে যেকোনো মুহূর্তে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক বলেও জানান অর্থমন্ত্রী। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত সম্পর্কে জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতি অর্থমন্ত্রী এসব কথা বলেন।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেওয়ায় গত শনিবার বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে হওয়া ঋণচুক্তি স্থগিত করে। ওই দিনই এক প্রতিক্রিয়ায় তিনি এ নিয়ে জাতীয় সংসদে বিবৃতি দেবেন বলে জানিয়েছিলেন।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের প্রেক্ষাপট এবং বাংলাদেশের অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী জাতীয় সংসদে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি ঈষত্ সংক্ষিপ্ত করে প্রকাশ করা হলো।অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে আমরা প্রায় চার বছর ধরে কথাবার্তা বলছি। আসলে নব্বইয়ের দশকে যখন দেখা গেল যে অবশেষে যমুনা সেতু নির্মাণ করা যাবে, তখন থেকে পদ্মা সেতু নির্মাণের দাবিটি জোরদার হয়ে ওঠে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং মহাজোট তাদের নির্বাচনী অঙ্গীকারে ঘোষণা করে যে পদ্মা সেতু নির্মাণ সবিশেষ অগ্রাধিকার পাবে। গত ৩০ জুন সারা দেশ জেনেছে যে পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক যে ঋণচুক্তি করেছিল, সেটি বাতিল করেছে এবং সে জন্য কারণ দর্শিয়েছে, যে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সম্ভাবনা আছে এবং সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি।অর্থমন্ত্রী বলেন, ২০০১ সালে বিশ্বব্যাংক ইনটিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি নামে একটি দপ্তর সৃষ্টি করে। তাদের কর্তব্য হচ্ছে, বিশ্বব্যাংকের কার্যাবলিতে শুদ্ধাচার নিশ্চিত করা। তারা কোনো বিশ্বব্যাংকের কার্যক্রমে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে, তা অনুসন্ধান করে এবং সে জন্য শাস্তিও প্রদান করে। তারা বিভিন্ন দরদাতা কোম্পানিকে অনেকবার কালো তালিকাভুক্ত করেছে। তারা বিভিন্ন প্রকল্পের দুর্নীতি দেখতে পেয়ে যে দেশে সেই দুর্নীতি হচ্ছে বা হয়েছে, তাদের এই বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে। এ ছাড়া তারা বিশ্বব্যাংকের কার্যক্রম অথবা কর্মকর্তাদের দুর্নীতিরও তদন্তের জন্য দায়িত্ববান। বাংলাদেশে এ পর্যন্ত তারা সাতটি প্রকল্পে দুর্নীতির আলামত পেয়েছে এবং সে সম্বন্ধে আমি এই সংসদে আমার বাজেট-বিষয়ক সমাপনী বক্তব্যে বিবৃত করেছি। এই সাতটি প্রকল্প হলো: (১) ঢাকা বাইপাস (কড্ডা-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর) সড়ক নির্মাণ প্রকল্প; (২) ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্প; (৩) নকলা-হাটিকুমরুল-বনপাড়া প্রকল্প; (৪) দেবগ্রাম-প্রগতি সরণি সংযোগ সড়ক প্রকল্প; (৫) মেঘনা ও মেঘনা-গোমতী টোল প্লাজা প্রকল্প; (৬) ক্রাশ প্রোগ্রামের আওতায় ঢাকা শহরের যানজট নিরসনের তৃতীয় পাইলট প্রকল্প এবং (৭) পোস্ট লিটারেসি অ্যান্ড কনটিনিউয়িং এডুকেশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট প্রকল্প। এসব প্রকল্পে দুর্নীতির বিষয় ঘটে চারদলীয় জোটের শাসনামলে। এসব প্রকল্পেই তারা বাংলাদেশ সরকারকে দুর্নীতির অনুসন্ধান করে দুর্নীতিবাজদের শাস্তি দিতে বলেছে। বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট এ রকম প্রকল্পের সংখ্যা পদ্মা সেতুর আগে ছিল মাত্র ছয়টি এবং অন্যটি ছিল জাপানের সাহায্যপুষ্ট প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে ছয়টি প্রকল্পই সড়ক ও জনপথ খাতে। এ জন্য তারা ২০০৭-০৮ অর্থবছরে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে সড়ক ও জনপথ খাতে তারা কোনো সহায়তা দেবে না। আরও বলা উচিত হবে যে সড়ক ও জনপথ বিভাগে ব্যাপক দুর্নীতির কারণে ব্রিটিশ সাহায্য প্রতিষ্ঠান ডিএফআইডিআই এই খাতে সহায়তা বন্ধ করে দেয়।অর্থমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার কিছুদিন পর বিশ্বব্যাংককে তাদের অবস্থান পরিবর্তন করার জন্য অনুরোধ করি এবং বিশ্বব্যাংক ২০১০ সালের শেষ দিকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে আগ্রহ প্রকাশ করে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ দেশের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক বিখ্যাত বিদেশি কোম্পানি বাংলাদেশের বিভিন্ন দরপত্র আহ্বানে সাড়া দিতে বিরত থাকে। এই অবস্থার পরিবর্তন হয় সর্বপ্রথম বিদ্যুত্ খাতে। যখন দেখা গেল যে জেনারেল ইলেকট্রিকের মতো খ্যাতনামা কোম্পানি আবার বাংলাদেশে ব্যবসা করতে আসে। সম্ভবত এই অভিজ্ঞতার আলোকে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে এগিয়ে আসে। বিশ্বব্যাংকের আগ্রহ এবং বড় অঙ্কের সহায়তা প্রদানের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বব্যাংককে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশেষ ভূমিকা রাখতে অনুরোধ করি। আমরা বিশ্বব্যাংককে এই প্রকল্পের জন্য উন্নয়ন সমন্বয়কের ভূমিকা না দিয়েও তাকে সমমর্যাদার সব উন্নয়ন সহযোগীদের মধ্যে লিড এজেন্সি হিসেবে গ্রহণ করি। এ ব্যবস্থায় সব উন্নয়ন সহযোগী তাদের সম্মতিও প্রদান করে।অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালের এপ্রিল মাসে উন্নয়ন সহযোগীদের আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশে তাদের সম্মতি নিয়ে মূল সেতুর দরপত্র আহ্বান করে। এই দরপত্র মূল্যায়ন করে আমরা যখন আমাদের সুপারিশ বিশ্বব্যাংকে প্রেরণ করি তখন তারা প্রথমে একটি বিশেষ দরপত্রদাতাকে পুনর্বিবেচনার জন্য পরামর্শ দেয় এবং পরবর্তী সময়ে জানায় যে সেতুর ইঞ্জিনিয়ারিং ডিজাইনে কিছু পরিবর্তন হয়েছে বিধায় নতুন করে দরপত্র আহ্বান করা উচিত হবে। এই প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগী ডিজাইন ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে রেইক পাইলিং প্রযুক্তি গ্রহণের পক্ষে অভিমত দেয়। এ কারণে তাদের পরামর্শ আমরা গ্রহণ করে ২০১০ সালের অক্টোবর মাসে নতুন ডিজাইনে অভিজ্ঞতার শর্ত দিয়ে আমরা দরপত্র পুনরাহ্বান করি। বিশ্বব্যাংকে ২০১১ সালের মার্চ মাসে এই দরপত্র মূল্যায়ন করে আমরা পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য নির্দিষ্ট করে সুপারিশ পাঠাই। বিশ্বব্যাংক এ বিষয়ে অনাপত্তি জ্ঞাপন না করে সিআরসিসি নামক একটি চীনা কোম্পানিকে প্রাকযোগ্যতায় গ্রহণযোগ্য বলে বিবেচনা করার জন্য আমাদের তিন-তিনবার পরামর্শ দেয়। এই পরামর্শ আমাদের বিশেষজ্ঞদের দিয়ে গঠিত মূল্যায়ন কমিটি গ্রহণ করল না এবং সেতু বিভাগ অনুসন্ধান করে জানল যে সিআরসিসি কখনো পুনর্বিবেচনার জন্য আবেদন করেনি এবং ভেনচুরা ইন্টারন্যাশনাল লি. নামক তাদের বাংলাদেশি সহযোগী এই বিষয়ে জালিয়াতি করেছে। এই জালিয়াত প্রতিষ্ঠান চীনে একটি দপ্তর স্থাপন করে সেখান থেকে সিআরসিসির নামে পুনর্বিবেচনার আবেদন করে। সিআরসিসি এই তথ্য জানার পর লিখিতভাবে জানিয়ে দেয় যে তারা এই কাজের জন্য আগ্রহী নয়। একই সঙ্গে তারা ভেনচুরা ইন্টারন্যাশনাল লিমিটেডকে তাদের সহযোগী হিসেবে বরখাস্ত করে। ভেনচুরা ইন্টারন্যাশনালের কর্তাব্যক্তি এ মুহূর্তে দেশ পালিয়ে আছে। বিশ্বব্যাংক সিআরসিসির অভিযোগ যথাযথ পরীক্ষা না করেই এই বিষয়টি পুনর্বিবেচনার জন্য বারবার পরামর্শ দেওয়ার ফলে প্রকল্প বাস্তবায়ন প্রায় তিন মাস পিছিয়ে যায়। আমরা জানি না যেসব ব্যক্তি এই জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের বিরুদ্ধে বিশ্বব্যাংক কোনো ব্যবস্থা নিয়েছে কি না।অর্থমন্ত্রী বলেন, এপ্রিল মাসে বিশ্বব্যাংকের ইনটিগ্রিটি দপ্তরের দুজন কর্মকর্তা ঢাকায় এসে পদ্মা সেতু প্রকল্প নিয়ে তদন্ত করেন। কতিপয় ব্যবসায়ীর সঙ্গে এক আলোচনায় তাঁরা যোগ দেন এবং সেখানে অত্যন্ত অশোভন গুজব রটানোর সূত্রপাত করেন। এই আসরে হাওয়ার্ড ডিন নামে একজন কর্মকর্তা কোনো সম্মানিত ব্যক্তিবিশেষের সম্বন্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এতে আসরে উপস্থিত একজন সদস্য শক্তভাবে প্রতিবাদ করেন এবং তাঁকে এ রকম রটনা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তিনি তাঁকে তাঁর বক্তব্যের পক্ষে প্রমাণ দিতেও চ্যালেঞ্জ করেন। অবশেষে বিশ্বব্যাংকের এই কর্মকর্তা তাঁর মন্তব্য প্রত্যাহার করেন এবং সে জন্য ক্ষমা প্রার্থনা করেন। আমরা এই বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংককে জানাই। কিন্তু আমরা আজও জানি না বিশ্বব্যাংক এ ব্যাপারে কোনো যথাযথ পদক্ষেপ নিয়েছে বা তদন্ত রুজু করেছে। অর্থমন্ত্রী বলেন, আগস্ট মাসে বিশ্বব্যাংক আমাদের অনানুষ্ঠানিকভাবে জানায় যে, সেতু নির্মাণের পর্যবেক্ষক পরামর্শক নিযুক্তির জন্য যে দরপত্র আহ্বান করা হয়, সেখানে এসএনসি-লাভালিন নামের একটি কানাডীয় প্রতিষ্ঠান দরপত্র পেশ করে। তাদের বিরুদ্ধে কানাডায় তদন্ত হচ্ছে এবং সে জন্য এবং অন্যান্য কারণেও তারা আপাতত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কাজ স্থগিত রাখতে চায়। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বিশ্বব্যাংকের এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে একটি ঝটিকা সফরে আসেন এবং আমাদের জানান যে তাঁদের তদন্তে শুধু নির্মাণকাজের পরামর্শক নয়, নির্মাণকাজের প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়েও কিছু অনিয়ম প্রতীয়মান হয়েছে। তিনি আরও জানান যে, এ বিষয়ে বিশদ প্রতিবেদন তারা অচিরেই আমাদের কাছে পাঠাবেন। সেই সময় ভাইস প্রেসিডেন্ট অত্যন্ত গোপনীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাকে এই সংকট থেকে উত্তরণের একটি প্রস্তাবও প্রদান করেন।অর্থমন্ত্রী বলেন, ‘আমি সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য ওয়াশিংটনে যাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক যান। তখন ২১ সেপ্টেম্বরে বিশ্বব্যাংক তাদের প্রতিশ্রুত চিঠি এবং তত্সঙ্গে একটি প্রতিবেদনও আমার কাছে হস্তান্তর করে। আমি তাদের মৌখিকভাবে জানাই যে এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া ঢাকায় ফিরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা বিশ্বব্যাংককে জানাব। আমি আরও বলি যে আমার মনে হয়, আমরা বিষয়টি দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য পাঠাব এবং একই সঙ্গে দুর্নীতিতে লিপ্ত এসএনসি-লাভালিনকে কালো তালিকাভুক্তও করতে পারি।’অর্থমন্ত্রী বলেন, ‘ঢাকায় প্রত্যাবর্তন করে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আমি তাত্ক্ষণিকভাবে অভিযোগটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিই। পরে জানতে পারি যে দুর্নীতি দমন কমিশন নিজে থেকেই পদ্মা সেতুর ব্যাপারে জুলাই মাসে যখন কিছু দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ পায়। তখন থেকেই এই প্রকল্পে দুর্নীতির তদন্ত শুরু করে। আমরা তখন বিবেচনা করলাম যে ২০০৫ সাল থেকে ইনটিগ্রিটি দপ্তর যেসব তদন্ত রুজু করে, সেখানে তারা কখনো প্রকল্প বাস্তবায়নের কাজ স্থগিত রাখেনি বরং সমান্তরালভাবে তদন্ত প্রক্রিয়া ও বাস্তবায়ন প্রক্রিয়া বহাল রেখেছেন। তাই আমি অক্টোবর মাসের ১৮ তারিখে বিশ্বব্যাংককে জানাই যে আমরা তাদের অভিযোগের তদন্ত শুরু করেছি এবং এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন ইনটিগ্রিটি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে। এই চিঠিতে আমি প্রস্তাব করি যে তদন্তের কাজ ও বাস্তবায়নের কাজ আলাদাভাবে বিবেচনা করা হোক। আমি সেখানে বাস্তবায়নের কাজ এগিয়ে দেওয়ার জন্য কয়েকটি সুপারিশ রাখি। যথা—(১) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইতিমধ্যে জাজিরা থেকে অ্যাপ্রোচ রোড নির্মাণের জন্য আমাদের ঠিকাদার নিযুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বিধায় আমরা সেই চুক্তিটি সম্পাদন করি; (২) যেহেতু উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বিশ্বব্যাংক নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রাকযোগ্যতা অনুমোদন করেছেন সে জন্য আমরা নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বান করি; (৩) মাওয়া থেকে অ্যাপ্রোচ রোড নির্মাণ ও নদী শাসনের বিষয়ে প্রাক-যোগ্যতা নির্ধারণ করা হোক যাতে আমরা এই দুটি কাজের জন্যও দরপত্র আহ্বান করতে পারি; (৪) নির্মাণকাজের পরামর্শক নিযুক্তির জন্য আমরা এসএনসি-লাভালিনকে বাদ দিয়ে হয় অন্যদের থেকে প্রাকযোগ্য তালিকা প্রণয়ন করি অথবা নতুন করে দরপত্র আহ্বান করি।অর্থমন্ত্রী বলেন, আমার এই প্রস্তাব পাঠানোর আগেই আমাদের একজন প্রতিনিধি ওয়াশিংটনে গিয়ে কীভাবে দুর্নীতির সম্ভাবনা দূর করা যায় সে সম্বন্ধে বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আমাদের এই প্রতিনিধি বিশ্বব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর, দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং আরও বিভিন্ন ব্যক্তির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। ইতিমধ্যে বিশ্বব্যাংকের গোপনীয় অনানুষ্ঠানিক প্রস্তাব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী সেতু বিভাগে নতুন নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। প্রথমে প্রকল্প পরিচালকের চুক্তি সমাপ্ত করে দেওয়া হয়। তারপর সচিবকে অন্যত্র পদায়ন করে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা পুনর্বিন্যাসের উদ্যোগের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনায় নিযুক্ত শীর্ষ সদস্যরা আমাদের এসব পদক্ষেপ সম্বন্ধে অবহিত হলেন এবং আমাদের প্রস্তাব নিয়ে আলোচনা করলেন। তাঁরা জানালেন যে এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে বিশ্বব্যাংকের অবস্থান তাঁরা আমাদের জানাবেন। পরবর্তী সময়ে তাঁরা তাঁদের প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করলেন যে আমাদের প্রস্তাবটি এবং অন্যান্য পদক্ষেপ বিশ্বব্যাংককে সন্তুষ্ট করতে পারেনি এবং তাঁরা পরামর্শ দিলেন যে কানাডীয় তদন্ত শেষ হওয়া পর্যন্ত পদ্মা সেতুর কাজ স্থগিত থাকবে। তাঁরা আরও উপদেশ দিলেন যে দুর্নীতি দমন কমিশনের তদন্তকাজ বহাল থাকুক।অর্থমন্ত্রী বলেন, কিছুদিন পরে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন সেতু নির্মাণ প্রতিষ্ঠানের দরপত্র বিবেচনার বিষয়ে তাদের প্রতিবেদন বিশ্বব্যাংকে পাঠিয়ে দেন। তারা এই দরপত্র গ্রহণে এবং মূল্যায়নে কোনো দুর্নীতির আলামত পাননি বলে তাদের প্রতিবেদন পেশ করে। বিশেষ করে এই দরপত্র মূল্যায়নে অভিযুক্ত সাকো কোম্পানির কোনো সম্পৃক্ততা তাদের তদন্তে প্রতিভাত হয়নি বলে তারা জানাল। বিশ্বব্যাংক তখন এ বিষয়ে আরও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে উপদেশ দেয়। কিন্তু এ ব্যাপারে তাদের কাছে যে সাক্ষী-সাবুদ আছে, সে সম্বন্ধে কোনো তথ্য দিতে তারা তাদের প্রথা অনুযায়ী অস্বীকৃতি জানায়। আমাদের ধারণা ছিল যে আমরা সেতু নির্মাণের জন্য যেসব পরিবর্তিত ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি, সেটাই সম্ভাব্য দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ছিল। বলে রাখা ভালো যে আমাদের এ বিষয়ে যে বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি আছে, তার সভাপতি হলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং অন্য সদস্যরা সবাই তাঁদের দক্ষতা এবং সুনীতির জন্য সারা দেশে এবং বিদেশে বিখ্যাত। তাঁদের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তারের নিদর্শন আমরা এখনো খুঁজে পাইনি।অর্থমন্ত্রী বলেন, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আমাদের বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা অব্যাহত থাকে এবং সেই আলোচনা ঢাকায়, ওয়াশিংটনে এবং অন্যত্র যেখানে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আমাদের মোলাকাত হয়েছে, তার সর্বত্র চলতে থাকে। আমাদের কোনো প্রস্তাবই বিশ্বব্যাংকের সভাপতি কোনো সময়েই আমলে নেননি বলে আমার বিশ্বাস। এপ্রিল মাসে আমাদের একজন প্রতিনিধি আবার ওয়াশিংটনে এ বিষয়ে আলোচনার জন্য গমন করেন। অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর মোলাকাত হলো না। কিন্তু বিশ্বব্যাংকের অন্যান্য শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যান। এপ্রিল মাসের ৯ তারিখে বিশ্বব্যাংক আমাদের জানায় যে কানাডায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে এবং তারা এসএনসি-লাভালিনের দুইজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাঁদের একজন কর্মকর্তা জানিয়েছেন যে তিনি কোনো বিশিষ্টজনের মাধ্যমে (যাঁর পরিচয় আমাদের জানানো হয়নি) অঙ্গীকার করেছেন যে যদি তাদের প্রতিষ্ঠান সেতু নির্মাণ পরামর্শক হিসেবে নিযুক্তি পান, তাহলে তিনি বাংলাদেশের কতিপয় প্রভাবশালী ব্যক্তিকে কমিশন দেবেন। কানাডীয় কর্তৃপক্ষ এই কর্মকর্তার ডায়েরি বাজেয়াপ্ত করে সেখানে এই রকম একটি বিবৃতি পান। তাঁর এই তালিকাটি প্রকাশ করা আমার মতে কতিপয় ব্যক্তির চরিত্র হননের একটি উদ্যোগ হবে এবং সে জন্য আমি তা কখনো প্রকাশ করিনি। এই তালিকায় রাজনীতিবিদ, অন্যান্য ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা কয়েকজনের নাম আছে। ডায়েরিতে একটি লেখা আমার মতে তখনই বিশ্বাসযোগ্য সাক্ষ্য হবে যখন এর স্বপক্ষে অন্য উপায়ে নিশ্চিত করা যাবে যে এটি একটি কল্পনার ফানুস অথবা আত্মরক্ষার প্রচেষ্টা নয়। আমি মনে করি যে এই সারাটি বিষয় হচ্ছে সম্ভাব্য দুর্নীতি নিয়ে যাকে বিশ্বব্যাংক ‘দুর্নীতির ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন। আমরা এই ষড়যন্ত্রের কোনো তথ্য পাওয়ার আগেই এসএনসি-লাভালিনের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, তখনই তাদের কালো তালিকাভুক্ত করতে চেয়েছি। সেই হিসেবে কোনো দুর্নীতিবাজকে সুরক্ষা দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের আছে বলে অভিযোগ করা অনুচিত হবে। বলে রাখা ভালো যে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তাদের তদন্ত অব্যাহত রেখেছেন এবং এ বিষয়ে অধুনা কানাডীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ঋণচুক্তি বাতিল হলো কি না সেদিকে নজর না দিয়ে তাঁরা তাঁদের তদন্ত চালিয়েই যাবেন। অর্থমন্ত্রী বলেন, জুন মাসের শুরুতে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল আমাদের আহ্বানে ঢাকায় এসে আমাদের সঙ্গে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় আমরা আবারও বলি যে দুর্নীতি তদন্ত এবং প্রকল্প বাস্তবায়ন এই দুটি বিষয়কে আলাদা করা দরকার। অতঃপর আমরা প্রকল্প বাস্তবায়নে কী করে দুর্নীতি পরিহার করা যায় সেই বিষয়ে মোটামুটিভাবে একটি পদ্ধতির বিষয়ে ঐকমত্য হই। এখানে আমরা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে এবং বিশেষ করে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগীদের বিশেষ ভূমিকা রাখার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করি। এই আলোচনার পর বিশ্বব্যাংকের তরফ থেকে একটি চিঠিতে কতিপয় পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে সংবাদমাধ্যমে আগেই কিছু কিছু তথ্য প্রকাশিত হয় এবং বিশ্বব্যাংকের ৩০ তারিখের বিজ্ঞপ্তিতে তা তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এই চিঠিতে তিনটি বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যথা—(১) যেসব সরকারি কর্মকর্তা সম্বন্ধে এসএনসি-লাভালিন কর্মকর্তার ডায়েরির ভিত্তিতে অভিযোগ করা হয়েছে তাঁদের ছুটি দেওয়া; (২) দুর্নীতি দমন কমিশনে এই তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা; এবং (৩) তদন্তের সর্ব-বিষয়ে বিশ্বব্যাংকের নিয়োজিত একটি প্যানেলকে অবহিত রাখা এবং তাদের উপদেশ গ্রহণ করা। এই প্রস্তাবগুলোতে সমস্যা হচ্ছে যে আমরা কোনো কিছু প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতির অপরাধ স্বীকার করে নিচ্ছি। সে জন্য তাদের প্রস্তাবে রাজি না হয়ে আমরা বিভিন্ন উপায়ে তাদের উদ্বেগ নিরসনের চেষ্টা করি। তাদের দুই নম্বর প্রস্তাবের কোনো প্রয়োজনই ছিল না, যেহেতু দুর্নীতি দমন কমিশন এ জন্য অনেক আগেই তাদের তদন্ত টিম গঠন করেছে। তাদের তিন নম্বর পরামর্শ দুর্নীতি দমন কমিশনের যেসব আইনকানুন রয়েছে, তার সঙ্গে সাংঘর্ষিক। আইনানুগভাবে দুর্নীতি দমন কমিশন অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ নয় এবং তাদের নিজস্ব টিমকে কোনো বিদেশি প্যানেলের তত্ত্বাবধানে তারা রাখতে পারে না। তবে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে যেসব কাজ বা ক্রয়ের চুক্তি হয়, সেগুলো সব সময়ই তাদের সম্মতি নিয়েই সম্পাদন করা হয়। তাই দুর্নীতি দমন কমিশন এসব বিষয়ে যখন তদন্ত করে, তখন এসব বিষয়ে সব তথ্য উন্নয়ন সহযোগীদের দিতে পারে এবং তাদের পরামর্শ বা নির্দেশ বিবেচনা করতে পারে। দুর্নীতি দমন কমিশন এ বিষয়টি মাথায় রেখে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে একটি পন্থা উদ্ভাবন করে। তারা কীভাবে তথ্য সরবরাহ করবে, কীভাবে বিভিন্ন পরামর্শ বিবেচনা করবে এবং কীভাবে তদন্তে উন্নয়ন সহযোগীদের সম্পৃক্তি সম্ভব করবে, সেই ব্যবস্থা নিয়ে তারা একটি সমঝোতা চিঠি বিশ্বব্যাংককে দিতে রাজি হয়। তাদের মূল কথা হচ্ছে যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে তারা পরামর্শ পাবে এবং উন্নয়ন সহযোগীদের সব তথ্য সরবরাহ করবে। সুতরাং, সেখানে উন্নয়ন সহযোগীদের প্যানেল উন্নয়ন সহযোগীদের নির্দেশে তাদের এজেন্ট হিসেবে কাজ করতে পারবে কিন্তু নির্দেশনা সব উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অথবা তাদের সমন্বয়কের কাছ থেকে পেতে হবে। গতকাল দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তাদের অবস্থান জনসম্মুখে হাজির করেছে।অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বিশ্বব্যাংক যে বিজ্ঞপ্তিটি দিয়েছে, তাতে এই দেশটাকে অপমান করা হয়েছে এবং তারা যে অপবাদটি দিয়েছে তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। তারা যে বলেছে, বাংলাদেশ সরকার দুর্নীতি পরিহারের জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি, সেটাও সঠিক নয়। আমি মনে করি যে আমাদের রুটিন পদ্ধতির বাইরে গিয়ে অত্যন্ত নমনীয়ভাবে বিশ্বব্যাংকের সব সুপারিশ বিবেচনা করেছি। আমরা অনেক বিষয়ে উন্নয়ন সহযোগীদের পক্ষে বিশ্বব্যাংককে প্রকল্প বাস্তবায়ন পদ্ধতিতে এবং দুর্নীতির তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব করেছি। এবং আমরা এ বিষয়ে অন্যান্য উন্নয়ন সহযোগীদের সব সময়ই অবহিত রেখেছি এবং আমাদের পদক্ষেপ সম্বন্ধে তাদের সঙ্গে আলোচনা করেছি। এ ছাড়া আমরা বিশ্বব্যাংকের অন্যান্য প্রভাবশালী সদস্যদের সঙ্গেও অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। বিশ্বব্যাংক আমাদের সঙ্গে দুর্নীতি নিয়ে সমঝোতা স্মারক সই করতে চেয়েছেন। আমার কাছে এটি অপমানজনক মনে হয়েছে। পরিবর্তে আমি জানিয়েছি যে, যেভাবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে চিঠি লেনদেনের মাধ্যমে সমঝোতা হয় এ ক্ষেত্রেও সেটি হওয়া বাঞ্ছনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনার যাঁরা শীর্ষে রয়েছেন, তাঁরা জানেন যে আমাদের দুর্নীতি দমনের প্রচেষ্টা যেকোনো ক্ষেত্রেই কম ছিল না। সম্ভবত বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক তাঁর মেয়াদকালে বিষয়টির সুরাহা করার উদ্দেশে একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশেষভাবে বিপর্যস্ত করেছে। আমি সব সময়ই আশাবাদী মানুষ এবং আমার বিশ্বাস, বিশ্বব্যাংক এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবেন। আমি আরও মনে করি যে অন্যান্য উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের সিদ্ধান্ত এবং বিজ্ঞপ্তি বিশেষভাবে বিশ্লেষণ করে এই প্রকল্পের বিষয়ে তাদের দায়িত্ব পালন করবে। বিশ্বব্যাংকে আমাদের নির্বাহী পরিচালক এ বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই প্রকল্পের অন্য অর্থায়নকারীদের সঙ্গে আমরা ইতিমধ্যেই আলোচনার ব্যবস্থা করেছি।’অর্থমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের যেসব গুরুত্বপূর্ণ পত্রালাপ হয়েছে, সেগুলো সবই উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু তদন্তের খাতিরে এবং বিশ্বব্যাংকের প্রতি সম্মান দেখিয়ে আমি তাদের চিঠিপত্র প্রকাশ করিনি। প্রাসঙ্গিকভাবে যেসব বিষয়ে সংবাদমাধ্যমে ভ্রান্তিমূলক তথ্য এসেছে তা শুধু শুধরিয়েছি। আমি মনে করি, বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য মূল্যবানও বটে। বিশ্বব্যাংক অসমর্থিত বা অসম্পূর্ণ অভিযোগের ভিত্তিতে একটি দেশকে এভাবে অপবাদ দিতে পারে না বা সে দেশের জনগণের মর্যাদাহানি করতে পারে না। আমরা যেকোনো মুহূর্তে বিশ্বব্যাংকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় লিপ্ত হব বলে আমি আশা রাখি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে এই অর্থবছরে আমরা পদ্মা সেতুর কাজ শুরু করব, ইনশাআল্লাহ।’