বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের অপেক্ষায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগের অনিয়মের অভিযোগে অনুসন্ধানে এখনো কারও সম্পৃক্ততা খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, অনুসন্ধানের এ পর্যায়ে এখনো কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে দুদকের কার্যালয়ে গোলাম রহমান বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সঙ্গে দুই দিনের বৈঠক নিয়ে কথা বলেন। তিনি এ সময় বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের কাজে যাতে দেরি না হয়, সে জন্য দুর্নীতির অনুসন্ধান ও প্রকল্প বাস্তবায়নের কাজ সমান্তরালভাবে অব্যাহত রাখার বিষয়ে সরকার ও বিশ্বব্যাংক উভয়কেই উদ্যোগী হতে হবে। তিনি এ সময় বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, বিশেষজ্ঞ দলটি কী করে, বিশ্বব্যাংক কী করে, তার অপেক্ষায়।’বিশ্বব্যাংক তাদের অভিযোগের সপক্ষে এখনো কোনো তথ্য দেয়নি উল্লেখ করে গোলাম রহমান বলেন, বিশ্বব্যাংক এখন পর্যন্ত দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। তবে দুদকের কাছে থাকা তদন্ত, অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের তথ্য-উপাত্ত বিশ্বব্যাংক ও বিশেষজ্ঞ প্যানেলের হাতে তুলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে গোলাম রহমান আরও বলেন, ‘বিশেষজ্ঞ দলের কাছে আমরা তথ্য চেয়েছি, কিন্তু তারা দেয়নি। কতটুকু দেবে সে বিষয়েও কিছু বলতে পারছি না। তবে তারা সহযোগিতার মনোভাব দেখিয়েছে।’ বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল কি দুদকের কাছ থেকে পাওয়া তদন্তের তথ্য-উপাত্তে সন্তুষ্ট—এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট সেটা এ মুহূর্তে বলতে পারছি না। তবে দুদকের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন অপেক্ষা বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনের জন্য।’ তবে তিনি মনে করছেন, ‘দুদক স্বচ্ছ, নিরপেক্ষ অবস্থানে থেকে তদন্ত করছে—বিশেষজ্ঞ প্যানেল এ ধরনের প্রতিবেদন দিলে তবেই প্রকল্পের অনুসন্ধান ও বাস্তবায়ন কাজ সমান্তরালে চলতে পারে।’কানাডা সরকারের কাছে তথ্য চেয়ে পাঠানো চিঠির কোনো উত্তর এখনো আসেনি জানিয়ে চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, কানাডার কাছ থেকে নথিপত্র এলে হয়তো সুনির্দিষ্টভাবে অভিযুক্ত চিহ্নিত করা সহজ হবে। গত রোববার সকালে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসে। দলের সদস্য ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুইস গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো, হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং ও যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড অফিসের সাবেক পরিচালক রিচার্ড ওল্ডারম্যান। গত রোববারের প্রথম বৈঠকে বাংলাদেশের আইন প্রক্রিয়া ও দণ্ডবিধি নিয়ে আলোচনা করে বিশেষজ্ঞ দলটি। দুদকের পক্ষে আইনের ব্যাখ্যা তাদের বুঝিয়ে দেন সংস্থার আইন উপদেষ্টা আনিসুল হক। এ সময় দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্নীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তা বাংলাদেশের আইনবিরুদ্ধ, কিন্তু সে বিষয়ে আদালতে দালিলিক প্রমাণ উপস্থাপন করতে হবে। এ জন্য বাংলাদেশ কানাডা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এসএনসি লাভালিনের সাবেক দুই কর্মকর্তা রমেশ সাহা ও মো. ইসমাইলের জবানবন্দির সত্যায়িত অনুলিপি চেয়েছে। একই সঙ্গে কানাডা পুলিশের তদন্তের তথ্যের অনুলিপিও চাওয়া হয়। কোনো রকম ঘুষ লেনদেন হয়েছে বা হওয়ার কথা থাকলে এ বিষয়ে আদালতে প্রমাণের জন্য উপযুক্ত দালিলিক প্রমাণের দরকার বলেও জানিয়েছে দুদক। বৈঠক সূত্র আরও জানায়, বিশ্বব্যাংকের তদন্ত প্রতিবেদনে পাঠানো নামের তালিকা অনুযায়ী দুদক যাদের জিজ্ঞাসাবাদ করেছে, সেগুলোও আগ্রহ নিয়ে শুনেছে বিশেষজ্ঞ প্যানেল। এ ছাড়া কেন দ্বিতীয়বারের মতো দুদকের অনুসন্ধান দলের পরিবর্তন হলো—এ নিয়েও বিশেষজ্ঞ দলের প্রশ্ন ছিল। অনুসন্ধানের যাবতীয় তথ্য-উপাত্তের পরও দুদকের পুনর্গঠিত অনুসন্ধান দলের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও তাদের জীবনযাপনের ইতিহাস চেয়েছে তারা। তাদের দক্ষতা নিয়েও কথা বলেছে বিশেষজ্ঞ দলটি। সোমবারের বৈঠক: সোমবার সন্ধ্যায় দুদক কার্যালয়ের বৈঠকটি ছিল স্বল্প সময়ের। চেয়ারম্যান-কমিশনারদের সঙ্গে কুশল বিনিময় করেই অনুসন্ধান দলের সদস্যদের সঙ্গে মূল বৈঠকে বসেন তাঁরা। অনুসন্ধান ও অভিযোগের পক্ষে-বিপক্ষে সব ধরনের তথ্য যাচাইয়ে দলের সদস্যদের মতামত চান বিশেষজ্ঞ দলটি। সোমবার রাতে স্থানীয় হোটেলে দুদক আয়োজিত নৈশভোজে অংশ নেন বিশ্বব্যাংক ও বিশেষজ্ঞ দলের সদস্যরা। সেখানে পরবর্তী করণীয় নিয়ে পরামর্শ চান দুদক কর্তৃপক্ষ। প্রয়োজনে পরামর্শ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় এ সময়। নৈশভোজ শেষে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, ‘বিশেষজ্ঞ প্যানেল কয়েক সপ্তাহ পরে এ বিষয়ে একটি প্রতিবেদন দেবে। তার ওপর পরবর্তী করণীয় নির্ভর করবে।’