বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সঙ্গে দুদকের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর দুর্নীতির তদন্ত মূল্যায়নে আজ রোববার ঢাকায় আসছে বিশ্বব্যাংক গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। ঢাকায় এসেই দলটি বৈঠক করবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে। আন্তর্জাতিক এই দলটির নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো।প্রতিনিধিদল প্রথম দফায় ১৬ অক্টোবর পর্যন্ত ঢাকায় থাকবে। এ সময় মূলত পরিচিতিমূলক সভাই হবে দুদকের সঙ্গে। ফলে তদন্ত বিশ্বাসযোগ্য হচ্ছে কি না, এ বিষয়ে কোনো আলোচনাই দুই দিনে হচ্ছে না। প্যানেলের অন্য সদস্যরা হচ্ছেন: হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। দুদক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের চেয়ারম্যানের সঙ্গে প্রথম বৈঠক এবং মধ্যাহ্নভোজের পরে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের অনিয়ম খতিয়ে দেখার দায়িত্বে নিয়োজিত অনুসন্ধান দলের সঙ্গে প্রতিনিধিদলটি বসবে। সংস্থার চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন কমিশনার (অনুসন্ধান) মো. বদিউজ্জামান, কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন। আর অনুসন্ধান কমিটির সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, এ এস এম আবদুল আল-জাহিদ, গোলাম শাহরিয়ার চৌধুরী ও মির্জা জাহিদুল আলম। দলটিকে সার্বিকভাবে সহায়তার দায়িত্বে থাকবেন মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) খোন্দকার আমিনুর রহমান।প্রতিনিধিদের কাছে দুদকের করা অনুসন্ধানের সব তথ্য যেন চাওয়ামাত্র সঠিকভাবে উপস্থাপন করা যায়, সে জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের প্যানেলকে বরণ করতে আমরা এখন প্রস্তুত।’ দুদক সূত্র জানান, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও ছুটিতে যাওয়া প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউরের জিজ্ঞাসাবাদের বিষয়টি হয়তো আবার করতে হতে পারে। সূত্রটি আরও জানায়, তদন্ত যাচাই-বাছাই করে তা সুষ্ঠু, পূর্ণাঙ্গ ও কতটুকু স্বচ্ছ, তা পর্যবেক্ষণ করবে বিশ্বব্যাংকের প্যানেল দল। তবে তারা তদন্ত কাজে সরাসরি অংশ নেবে না। এই বিশেষজ্ঞ দলের কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেলেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে। এর পাশাপাশি শিগগিরই বিশ্বব্যাংকের আরেকটি প্রতিনিধিদল আসবে। থাকবেন সহ-অর্থায়নকারী এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপানের সাহায্য সংস্থা জাইকার প্রতিনিধিরাও। এই দলটি নির্মাণ পদ্ধতি নিয়ে মূলত আলোচনা করবে।