বিশ্বব্যাংকের শর্ত পূরণে ‘আবুল ইজ ডাউন’: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্ত্রীর পুরো নাম উচ্চারণ না করে বলেছেন, ‘আবুল ইজ ডাউন।’সচিবালয়ে গতকাল মঙ্গলবার বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ-সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদসহ বৈঠকে অর্থ ও বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয়টি অস্বাভাবিক পদক্ষেপ হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সাধারণত এ রকম ঘটে না। কারণ, তাদের (বিশ্বব্যাংক) কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না। একজনের ডায়েরিতে কিছু নাম ছিল, যা অন্যজনের কাছে প্রমাণিত সত্য হতে পারে না।’ অর্থমন্ত্রী বলেন, ‘তার পরও আমরা পদক্ষেপ নিয়েছি এবং চেষ্টা করেছি বিশ্বব্যাংকের সব প্রস্তাব মেনে নিতে।’ এই পরিস্থিতিতে ঋণ দেওয়ার ব্যাপারে বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। ঋণের ব্যাপারে বিশ্বব্যাংকের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার পরই কি মন্ত্রী ও সচিবকে ছুটিতে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘হ্যাঁ। তাঁদের ছুটিতে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যেই এর গেজেট প্রকাশ করা হবে।’ পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে জাইকার (জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) প্রেসিডেন্টের বিশ্বব্যাংকের সঙ্গে দেখা করার কথা ছিল, সে ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি কাল (বুধবার) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করবেন।’পদ্মা সেতুর জন্য ঋণ পেতে গেলে বিশ্বব্যাংকের চারটি শর্তের মধ্যে চতুর্থটি ছিল, তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে সরকারি ব্যক্তিরা অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ছুটি দেওয়া। এই বিষয়টি উত্থাপন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘তার প্রমাণ তো দেখতেই পারলেন। আবুল ইজ ডাউন।’ আবুল হোসেনের পদত্যাগের ব্যাপারে সচিবালয়ে গত রোববারই অর্থমন্ত্রী ইঙ্গিতে জানিয়েছিলেন, ‘অ্যালেইন গোল্ডস্টেইনের (বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর) দেওয়া চার প্রস্তাবের মধ্যে চতুর্থটি মেনে নেওয়া একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, এটাও কীভাবে সমাধান করা যায়।’ মন্ত্রী-সচিবকে ছুটি দেওয়ার কারণে বিশ্বব্যাংকের ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই। অবশ্যই আশাবাদী।’ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে সর্বশেষ পদক্ষেপসমূহ জানিয়ে বিশ্বব্যাংককে অবহিত করবে সরকার। সর্বশেষ পদক্ষেপের মধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগ ও সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ছুটিতে পাঠানো উল্লেখ্যযোগ্য। দু-এক দিনের মধ্যে তা বিশ্বব্যাংককে জানিয়ে দেওয়া হবে। এর আগে ইআরডির সারসংক্ষেপ অনুমোদন করবেন অর্থমন্ত্রী। গতকাল সারা দিনই ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। ইআরডির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিশ্বব্যাংকের সঙ্গে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে। সরকারের সর্বশেষ অবস্থান জানানোর পর প্রকল্পটির জটিলতা পথ খুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অন্য সহ-অর্থায়নকারী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাইকাকে বিষয়টি অবহিত করা হবে।