বিশ্বব্যাংকের সঙ্গে কোনো বৈরিতা নেই: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেকই ভাবছেন, আমাদের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংক এই প্রক্রিয়াটাকে যদি আরও বিলম্বিত করে, তবে শুধু এই এলাকার জমির দাম বাড়বে না, পদ্মা সেতু নির্মাণের কস্টিং (খরচ) বেড়ে যাবে। বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড দিজ (বাংলাদেশ এই ব্যয় বহন করতে পারবে না)। এই ক্ষতি আমাদের পক্ষে পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। আমাদের হাতে সময় আছে, বলতে গেলে মাত্র দেড় বছর। পদ্মা সেতুর কাজ আমাদের শুরু করতেই হবে। কাজেই আমাদের বিলম্ব করা সম্ভব হবে না।’আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরে পদ্মা সেতুর নির্মাণকাজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘যদি বিশ্বব্যাংকের হাতে দুর্নীতির প্রমাণ থাকে, তবে তারা সাফিসিয়েন্ট এভিডেন্স (উপযুক্ত প্রমাণ) নিয়ে আসুক। বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আমাদের অনেক কাজ এই বিশ্বব্যাংকের মাধ্যমে হচ্ছে। যদি বিশ্বব্যাংক দ্রুত কাজ শুরু করতে না পারে, তবে মালয়েশিয়া প্রস্তাব দিয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা হবে। আশা করি, দ্রুত কাজ শুরু হবে।’পুনর্বাসন প্রকল্পের ৮৫ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু তৈরির আগে প্রস্তুতিমূলক অবকাঠামোর নির্মাণকাজ প্রায় সম্পন্ন। এখন শুধু পদ্মা সেতুর অবকাঠামো বা কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার অপেক্ষা।যোগাযোগমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ মাদারীপুর-১ আসনের সাংসদ নূরে-এ-আলম লিটন চৌধুরী, সাংসদ সাগুফতা ইয়াসমিন, মাদারীপুর ও শরীয়তপুর জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।