বিশ্বব্যাংকের সঙ্গে সফল আলোচনায় আশাবাদী যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করায় যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে। ঋণ পাওয়ার ব্যাপারে আলোচনা এখনো চলছে। আলোচনার একটি সফল পরিসমাপ্তি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে ড্যান মজীনা সাংবাদিকদের এসব কথা বলেন। আজ শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়ার সঙ্গেও বৈঠক করেন ড্যান মজীনা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই ধরনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সরকার ও বিশ্বব্যাংক একটি সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটা আনন্দের বিষয়। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। যুক্তরাষ্ট্র চায় পদ্মা সেতু হোক। এই সেতু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক থেকে দেড় শতাংশ বাড়বে।’অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ড্যান মজীনা বলেন, ‘আমাদের মধ্যে একটি ভালো আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পদ্মা সেতুর ঋণ পাওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে। অর্থমন্ত্রী বিষয়টি জানেন। এ বিষয়ে তিনি প্রশংসা করেছেন।’মজীনা আরও বলেন, ‘বিশ্বব্যাংক যখন ঋণ চুক্তি বাতিল করেছে, তখন আমরা হতাশ হয়ে পড়েছিলাম। বাংলাদেশের অন্যান্য বন্ধুরাষ্ট্র ভারত, জাপানসহ আমরা একসঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছি। আমি আজ খুবই খুশি। আলোচনা এখনো চলমান। আমি খুবই আশাবাদী যে, আলোচনার একটি সফল পরিসমাপ্তি ঘটবে।’