বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে: নগোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নগোজি এন ওকোনজো-আইওয়েলা।আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্কালে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ মন্তব্য করেন।বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পের বিভিন্ন বিষয় ও দেশের আর্থ-সামাজিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়।বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি নারীর ক্ষমতায়ন ও বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বেরও প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি নারীর ক্ষমতায়ন ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা-সম্পর্কিত কর্মসূচিতে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন বলেও জানান তিনি।শেখ হাসিনা নগোজিকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সুশাসন ও জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ শিক্ষা, কৃষি ও খাদ্য খাতে নেওয়া বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে দেশের সার্বিক ও টেকসই উন্নয়নে এসব খাতের সাফল্যের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী।এ সময় বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইল্লেন গোল্ডস্টেইন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহেদুজ্জামান ও ইআরডি সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নগোজি গতকাল তিন দিনের সফরে বাংলাদেশ আসেন। বাসস।