বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাখে। তিনি বলেছেন, ‘এখনো আমরা আশা করছি যে, বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং আমাদের যে অপবাদ দেওয়া হয়েছে সেটার স্খলন হবে।’আজ বুধবার বিকেলে এক বিবৃতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। এতে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু সম্পর্কে বাংলাদেশের বক্তব্যে আগেও বলা হয়েছে যে, প্রথমত, আমরা পদ্মা সেতু প্রকল্পের কাজ এ বছরই শুরু করব। দ্বিতীয়ত, আমরা নিশ্চিত করতে চাই যে পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হবে না। যদিও বিশ্বব্যাংকের অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবু একজন উচ্চপদস্থ, সম্মানিত সরকারি কর্মকর্তা এরই মধ্যে ছুটিতে গেছেন। সাবেক যোগাযোগমন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করেও তদন্তের কাজ এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা অন্য তিন উন্নয়ন সহযোগী—এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি উন্নয়ন সহযোগী জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আইডিবি এরই মধ্যে আমাদের জানিয়েছে যে, তাঁরা এ প্রকল্প বাস্তবায়নে গভীরভাবে আগ্রহী। জাইকাও আমাদের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছে। জাইকার সভাপতি এ ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করছেন। এডিবিও এ ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করছে।’