বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বাংলাদেশকে বিপদাপন্ন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বাংলাদেশকে শুধু অপমানিত নয়, বিপদাপন্নও করেছে। এর ফলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য উন্নয়ন সহযোগীরাও বাংলাদেশকে সহযোগিতা করতে ইতস্তত করবে। এ দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়া কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ‘কৃষি, কৃষক ও বাংলাদেশ: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে নজরুল ইসলাম এ কথা বলেন।পদ্ম সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি বাতিল হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ প্রথমবার যখন সরকার গঠন করেছিল, তখন দেশ ছিল তলাবিহীন ঝুড়ি। ২০ বছর পর ক্ষমতায় এসে তারা দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল। এবার ঋণচুক্তি বাতিল হওয়ায় আবার বাংলাদেশের পরিচিতি বিশ্বদরবারে অসম্মানজনক হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে চুক্তি বাতিল করেছে। আর এই সিদ্ধান্তের পরিণতি হবে মারাত্মক।গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংকের দেওয়া বিবৃতিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম খান বলেন, যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে বিশ্বব্যাংকের সঙ্গে লড়াই করে যুক্তি-তর্ক দিয়ে বুঝিয়ে তাদের আবার আসতে বাধ্য করুন।আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষক দলের সাধারণ সম্পাদক সামসুজ্জামান, আয়োজক সংগঠনের সভাপতি শাহ নুরুল কবির প্রমুখ বক্তব্য দেন।