বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সংস্থার সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।বাংলাদেশের পদ্মা সেতু ও কম্বোডিয়ার একটি প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ায় কানাডার প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। এসএনসি-লাভালিনের শতাধিক সহযোগী প্রতিষ্ঠানকেও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।গোলাম রহমান বলেন, দুদকও মনে করে, এসএনসি-লাভালিন দুষ্কর্ম করেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হয়েছে।দুদকের চেয়ারম্যান আরও বলেন, বিশ্বব্যাংকের ধীরগতির কারণে সরকার তাদের কাছ থেকে পদ্মা সেতুর জন্য টাকা নিচ্ছে না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রকল্প গ্রহণে এটি শিক্ষা হয়ে থাকবে।দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল করে বিশ্বব্যাংক। সেতুর নির্মাণকাজ-সংশ্লিষ্ট বিষয়ে ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ও রমেশ শাহর বিরুদ্ধে কানাডায় বিচার চলছে।ওই বিচার সম্পর্কে কানাডার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে জানিয়ে গোলাম রহমান বলেন, ‘সেখানকার আদালতে প্রাথমিক শুনানি শুরু হয়েছে। কানাডার বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি ওই আদালতে উপস্থিত আছেন। তিনি আমাদের প্রতিনিয়ত সব জানাচ্ছেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে এসব তথ্য আমরা প্রকাশ করতে পারছি না। চূড়ান্ত শুনানির সময় দুদকের দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন।’