বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার অন্য প্রকল্পে চাইছে সরকার
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ বাতিল হলেও ওই অর্থ এখন বাংলাদেশের অন্য প্রকল্পে পেতে চাইছে সরকার। সচিবালয়ে আজ রোববার সফররত ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী জানান, ‘বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তা এখনো কার্যকর। চলতি মাসেই ওয়াশিংটন যাব এবং তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলব।’অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় অর্থায়নকারী সংস্থা বিশ্বব্যাংক। এ দেশে প্রায় ৪০০ কোটি ডলারের সহায়তা প্রকল্প রয়েছে তাদের। পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে যে ১২০ কোটি ডলার পাওয়ার কথা ছিল, তা কোন খাতে পাওয়া যাবে, তা নিয়ে আলোচনা হবে। বিশ্বব্যাংকের কাছ থেকেই তখন চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলে কারও কাছ থেকে টাকা নেওয়া হবে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিকল্প অর্থায়ন হিসেবে চীন, মালয়েশিয়া ও ভারতের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। চলতি মাসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আর যদি তা না-ও হয়, তার পরও পদ্মা সেতুর দরপত্র আহ্বান করতে খুব বেশি দেরি হবে না বলে জানান মুহিত। ভারতের অনুদানঅর্থমন্ত্রী বলেন, ‘নিজেদের টাকায় পদ্মায় সেতু করলে ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের যে ঋণচুক্তি রয়েছে, তার ২০ কোটি ডলার পদ্মা সেতুতে ব্যবহার করা হবে। এই অর্থ অনুদান হিসেবে দিতে রাজি হয়েছে ভারত, যা শিগগিরই দেশটি ছাড় করবে।’২০ কোটি ডলারের জন্য আলাদা কোনো শর্ত থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, তা নেই।’নকশা অপরিবর্তিতআগের নকশাতেই পদ্মা সেতু হবে বলে আশ্বাস দেন মুহিত। তিনি বলেন, যে উত্স থেকেই অর্থায়ন হোক না কেন, আগের নকশাতেই পদ্মা সেতু হবে। অন্যদিকে, পদ্মা সেতু নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।