বিশ্বব্যাপী ‘মালালা দিবস’ পালিত, নীরব মিঙ্গোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে গতকাল শনিবার ‘মালালা দিবস’ পালিত হয়েছে। গত ১০ অক্টোবর পাকিস্তানের সোয়াতে জঙ্গিদের গুলিতে আহত হয় নারীশিক্ষা অধিকার আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। বিশ্বের প্রতিটি মেয়েশিশুর শিক্ষার অধিকার আদায়ে মালালাকে ‘বিশ্বের প্রতীক’ হিসেবে অভিহিত করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।তবে দেশে দেশে মালালা দিবস পালিত হলেও তালেবানের হামলার ভয়ে মালালার নিজের শহর মিঙ্গোরা এবং তার বিদ্যালয়ে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান হয়নি। মালালার বিদ্যালয় খুশাল পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের মতো করে মালালার জন্য দোয়া করেছে। বিদ্যালয়ের প্রিন্সিপাল মরিয়ম খালিদ বলেন, ‘আমরা কোনো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করিনি। কেননা, আমাদের বিদ্যালয় এবং শিক্ষার্থীরা এখনো তালেবানের হুমকির মুখে রয়েছে। এ জন্য বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে মালালার জন্য দোয়া করা হয়েছে এবং মোমবাতি জ্বালানো হয়েছে।’জাতিসংঘের ওয়েবসাইটে একটি ভিডিওবার্তায় বান কি মুন বলেন, বিশ্বজুড়ে মানুষ মালালার পক্ষে এবং যে ছয় কোটি ১০ লাখ শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তাদের পক্ষে কথা বলছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। একই সঙ্গে উন্নয়ন, সহিষ্ণুতা এবং বৈশ্বিক নাগরিকত্বের অন্যতম নিয়ামক শিক্ষা। ছেলে ও মেয়েশিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের প্রচারণার সঙ্গে যোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বান কি মুন।১০ নভেম্বরকে মালালা দিবস ঘোষণা করেন জাতিসংঘ মহাসচিবের শিক্ষাবিষয়ক বিশেষ প্রতিনিধি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। তিনি বলেন, মালালা এবং বিশ্বের যে তিন কোটি ২০ লাখ মেয়েশিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের প্রতি সমর্থন জানিয়ে দিবসটি পালিত হবে।গত ১০ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মালালার স্কুলবাসে গুলি চালায় জঙ্গিরা। এতে মাথায় গুলিবিদ্ধ হয় মালালা। পরে চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়।এদিকে মালালা দিবস পালনের আগের দিন গত শুক্রবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়। দরিদ্র পরিবারের ৩০ লাখের বেশি শিশু এখন থেকে বিদ্যালয়ে গেলে শিক্ষাবৃত্তি পাবে। প্রাথমিক পর্যায়ের ওই সব শিক্ষার্থীর প্রত্যেককে প্রতি মাসে দুই মার্কিন ডলার দেওয়া হবে।মালালার প্রতি সম্মান জানিয়ে মেয়েশিশুদের বিদ্যালয়ে পাঠানোর জন্য দরিদ্র পরিবারকে বৃত্তি দেওয়ার দাবি জানিয়ে একটি আবেদন করেছিল এক লাখের বেশি মানুষ। তাদের সেই আবেদনে শুক্রবার স্বাক্ষর করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এএফপি ও পিটিআই।