নজরদারি কম থাকায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা
বিশ্বমন্দা ধীরে কাটছে, পণ্যমূল্য দ্রুত বাড়ছে, প্রভাব পড়ছে দেশে
বিশ্ব অর্থনীতির মন্দা কাটতে শুরু করার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে বিভিন্ন ধরনের খাদ্য, ধাতব ও জ্বালানি পণ্যের দর বাড়তে শুরু করেছে। এই দর ২০০৮ সালের রেকর্ড ছুঁতে না পারলেও কাছাকাছি চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ধারণার চেয়েও দ্রুত গতিতে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) পূর্বাভাস দিয়ে বলেছে, চাল, গম ও চিনির মতো পণ্যের দাম বাড়ছে এবং তা ২০০৮ সালের কাছাকাছি চলে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, মন্দা কেটে যাওয়ার পর সাধারণত শ্লথ গতিতে বিভিন্ন পণ্যের দাম বাড়ে; কিন্তু এবার বাড়ছে অত্যন্ত দ্রুত গতিতে।আন্তর্জাতিক বাজারের এই প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। বাংলাদেশ চাল আমদানি শুরু না করলেও বিশ্ববাজারের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না। আটা-ময়দার দাম আবারও বাড়ছে। ভোজ্যতেল ও চিনি নিয়েও আশঙ্কা রয়ে গেছে। সরকারের নজরদারি কম থাকায় ব্যবসায়ীরাও এই সুযোগে বিভিন্ন পণ্যের দর বাড়াচ্ছেন।অর্থনীতিবিদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেনের মতে, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ২০০৭ সালের মতো করে বাড়ছে। দেশে চালের কোনো সংকট না থাকলেও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সুযোগে ব্যবসায়ীরা অভ্যন্তরীণ বাজারে দাম বাড়াতে পারেন। ফলে সরকারকে এখন থেকেই পরিকল্পনা নিয়ে সাবধানে এগোতে হবে। ব্যবসায়ীদের কাছ থেকে কিছুটা বেশি দাম দিয়ে হলেও চাল কিনে পর্যায়ক্রমে সরকারি মজুদ বাড়ানো যেতে পারে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক বাজারে গমের দাম বর্তমানে চালের তিন ভাগের এক ভাগ—এ তথ্য উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, সরকারের উচিত, জরুরি ভিত্তিতে সাত থেকে আট লাখ টন গম কিনে তা সরকারি প্রকল্পের মাধ্যমে দ্রুত বণ্টনের ব্যবস্থা করা। এতে চালের ওপর নির্ভরশীলতা ও দাম কমে আসবে। তিনি জানান, দেশে বছরে চালের চাহিদা দুই কোটি ৭০ লাখ টনের মতো। এই চালের মধ্যে অর্ধেক বাজারে লেনদেন হয়। সরকারকে বাজারে প্রভাব ফেলতে হলে কমপক্ষে ২০ লাখ টন চাল সরবরাহ করতে হবে। বর্তমানে সরকারের হাতে ১১ লাখ টন চাল আছে। চাল: ভারত ও ফিলিপাইন আন্তর্জাতিক বাজার থেকে চাল কিনতে শুরু করায় বিশ্ববাজারে প্রতি টন চালের দর ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। এ বছর চালের দাম আন্তর্জাতিক বাজারে ৬০০ ডলারের নিচে খুব একটা নামবে না বলেই মনে করছে আন্তর্জাতিক চাল গবেষণা সংস্থা (আইআরআরআই)। মূলত গত নভেম্বর থেকেই চালের দাম বাড়তে শুরু করেছে। ফিলিপাইন এ সময় ঘোষণা দেয়, তারা ২০ লাখ টন চাল কিনবে। চাল কেনার ঘোষণা দেয় ভারতও। এর ফলে অক্টোবরের তুলনায় নভেম্বরে বিশ্ববাজারে চালের দাম বাড়ে ১৪ শতাংশ। নভেম্বরে চালের মূল্য ছিল আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ১২ শতাংশ কম। এফএওর প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে উত্পাদনও কম হয়েছে ১ দশমিক ৯ শতাংশ। ২০১০ সালে তিন কোটি ১২ লাখ টন চাল আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নেবে। এর পরিমাণ ২০০৯ সালের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। এফএও মনে করে, ২০১০ সালে এশিয়াই সবচেয়ে বেশি চাল আমদানি করবে, এর মধ্যে বাংলাদেশও থাকতে পারে। এরই মধ্যে বাংলাদেশের বাজারেও চালের দাম বাড়তে শুরু করেছে। গত এক মাসে গরিবের মোটা চালের দর বেড়েছে প্রায় ১০ শতাংশ, মাঝারি চালের দর বেড়েছে প্রায় ১৩ শতাংশ এবং সরু চাল ৪ শতাংশ। বাজারে মোটা চালের কেজিপ্রতি দাম এখন ২৬ থেকে ২৮ টাকা। এই দর ২০০৮ সালের দরের কাছাকাছি। গম: ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববাজারে গমের চাহিদা ছিল কম। ফলে দামও এ সময় অনেক কমে যায়। অক্টোবর থেকে দাম বৃদ্ধির প্রবণতা দেখা যায়। নভেম্বরে এসে দাম বাড়ে প্রায় ২০ শতাংশ। তবে এখনো যা দাম তা ২০০৮ সালের মার্চ মাসের তুলনায় ৫০ শতাংশ কম। ২০০৮ সালের মার্চে গমের দর বৃদ্ধি হয়েছিল রেকর্ড পরিমাণ। এফএওর প্রতিবেদন অনুযায়ী, ২০০৯-১০ সময়ে গম রপ্তানি হবে আগের অর্থবছরের তুলনায় ১৬ শতাংশ কম। তবে নানা ধরনের অনিশ্চয়তার কারণে গমের দাম আরও বাড়তে পারে বলে তারা মনে করে। দেশে ২০০৮ সালে খোলা আটার গড় দাম ছিল প্রায় ৩৭ টাকা, খোলা ময়দার ৪২ টাকা। ২০০৯ সালে আটার দর কমে হয় ২১ টাকা ও ময়দা ৩৪ টাকা। এখন বাজারে আটা-ময়দার দর আবার বাড়তে শুরু করেছে। গত এক মাসে দাম বেড়েছে ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত। দাম আরও বাড়বে বলে মনে করছেন গম ব্যবসায়ীরা। চিনি: ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে বিশ্বব্যাপী চিনির দাম ছিল প্রায় দ্বিগুণ। এর প্রভাবে বাংলাদেশেও চিনির দর হয়ে পড়ে লাগামছাড়া। ২০০৯ সালের মাঝামাঝি সময়ে চিনির দাম কমলেও আবার তা বাড়তে শুরু করেছে। গত এক মাসে চিনির দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ।এফএওর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে চিনির উত্পাদন কম হয়েছে এবং ভারত প্রচুর আমদানি করছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে গেছে। গত ২৮ বছরের মধ্যে চিনির দাম এবারই সবচেয়ে বেশি। তবে ২০০৯-১০ অর্থবছরে চিনির উত্পাদন ৩ দশমিক ৩ শতাংশ বাড়লেও দাম খুব বেশি কমবে না বলেই মনে করা হচ্ছে। ভোজ্যতেল: ২০১০ সালের জন্য ভোজ্যতেল নিয়েও খুব একটা ভালো খবর আন্তর্জাতিক বাজারে নেই। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে, আগামী মার্চ থেকে ভোজ্যতেলের দাম বাড়বে। তবে বছরের শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরবরাহ বাড়ালে দর কিছু কমতে পারে। দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের দাম গত এক মাসে কিছু বেড়েছে। এর মধ্যে পাম তেলের দাম বেড়েছে সয়াবিনের তুলনায় বেশি। যেমন গত এক মাসে পাম তেলের দর বেড়েছে প্রায় ৫ শতাংশ, সে তুলনায় সয়াবিনের দাম কমেছে ২ শতাংশ। জ্বালানি তেল: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর প্রতি ব্যারেল (এক ব্যারেল প্রায় ১৫৯ লিটারের সমান) ১৪০ ডলার ছাড়িয়ে গিয়েছিল ২০০৮ সালে। মন্দা পরিস্থিতিতে তেলের দাম কমে ৭০ ডলারের নিচে নামলেও আবার তা বেড়েছে। বর্তমানে তেলের দাম ব্যারেলপ্রতি ৭৯ ডলার। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, মন্দা কেটে যাওয়ার কারণে বিশ্বব্যাপী তেলের চাহিদা বাড়বে। এর ফলে তেলের দর ২০১০ সালে ৮৫ ডলারের নিচে নামবে না। মূল্যস্ফীতির চাপ বাড়ছে: ২০০৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ০৫ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সর্বোচ্চ। এরপর মূল্যস্ফীতি কমতে শুরু করে এবং ২০০৯ সালের জুনে তা হয় ২ দশমিক ২৫ শতাংশ। এর পর থেকে মূল্যস্ফীতি আবার বাড়তে থাকে এবং সর্বশেষ গত অক্টোবরের মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৭১ শতাংশ। এর মধ্যে খাদ্যবহির্ভূত সূচকের তুলনায় খাদ্য সূচকেই মূল্যস্ফীতি বেশি ঘটছে। অর্থাত্ মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই মূল্যস্ফীতিতে চাপ বাড়ছে বলে দেখা যাচ্ছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে আগামী দিনগুলোয় মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। এ জন্য প্রতিষ্ঠানটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতির ওপর সরকারের নজরদারি ও খবরদারি চালানোরও পরামর্শ দিয়েছে। তারা বলেছে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির উচ্চহারে রূপান্তর করতে হলে মূল্যস্ফীতিকে নিম্নপর্যায়ে রাখা গুরুত্বপূর্ণ।আইএমএফের সতর্কতা: আন্তর্জাতিক দাতা সংস্থাটি সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেছে, মন্দা কাটতে শুরু করলেও চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম খুব বেশি কমবে না। বরং ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে দাম আরও বাড়বে। আইএমএফ বলেছে, অতীতেও দেখা গেছে, মন্দা কেটে যাওয়ার সূচনায় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পায়। তবে অতীতে যে হারে মূল্যবৃদ্ধির প্রবণতা ছিল, এবার সেই তুলনায় দ্রুত গতিতে মূল্যবৃদ্ধি হচ্ছে। আইএমএফের মতে, ২০০৯ সালের ফেব্রুয়ারির তুলনায় পরবর্তী নয় মাসে মূল্যসূচক বেড়েছে ৪০ শতাংশ। অথচ অতীতে মন্দা-পরবর্তী নয় মাসে এই সূচক কখনোই ৫ শতাংশের বেশি বৃদ্ধি দেখা যায়নি। সংস্থাটির মতে, বিস্ময়কর হলেও এটা সত্যি, বিশ্বে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে এবং আরও বাড়ার আশঙ্কা আছে।