বিশ্বমন্দার প্রভাবে রপ্তানি আয় কমেছে, আমদানিও বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতির প্রভাব থেকে রপ্তানি আয় বেরিয়ে আসতে পারছে না। আয় আরেক দফা কমেছে। উন্নত বিশ্বে এখনো বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়েনি। পরিমাণের দিক থেকে যেমন রপ্তানি কমেছে, তেমনি বাংলাদেশি পণ্যের দামও আন্তর্জাতিক বাজারে কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল মঙ্গলবার গত নভেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের হিসাব প্রকাশ করেছে। নভেম্বর মাসে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৭০ শতাংশ। আর চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে সব মিলিয়ে রপ্তানি আয় কমে গেছে ৬ দশমিক ৯৩ শতাংশ। মন্দাবস্থা আমদানি ব্যয়েও। বিশ্ব বাজারে খাদ্যপণ্য, জ্বালানি তেলসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমে যাওয়ায় এখন কম খরচে তা আমদানি করতে পারছে দেশ। একই সঙ্গে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের চাহিদা কম থাকায় তৈরি পোশাকের বিভিন্ন কাঁচামাল আমদানিও কমে গেছে। বিনিয়োগ মন্দায় কমেছে পুঁজি যন্ত্রপাতি আমদানি। নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে সব মিলিয়ে রপ্তানি আয় হয়েছে ৬৫৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। এ আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ এবং মোট লক্ষ্যমাত্রার তুলনায় ১১ দশমিক ৪১ শতাংশ কম। পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় পরিমাণের দিক থেকে রপ্তানি কমেছে ৪ দশমিক ১৮ শতাংশ এবং মূল্যের দিক থেকে কমেছে ২ দশমিক ৭৫ শতাংশ। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্বমন্দায় উন্নত দেশগুলোতে চাহিদা কমে যাওয়ার প্রভাব রপ্তানি আয়ে পড়েছে। তবে আশা করা যায়, পরিস্থিতির উন্নতি হবে। রপ্তানির আদেশ বাড়ছে। ফলে ডিসেম্বরে আয় বাড়বে বলে মনে করা যায়। তিনি বলেন, মন্দায় বাজারে প্রতিযোগিতামুখী থাকতে চীন ও ভিয়েতনামের মতো দেশ নানা ধরনের প্রণোদনা কর্মসূচি হাতে নিয়ে বাজার ধরে রাখতে পেরেছে। বাংলাদেশ যে প্রণোদনা সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছে, তা কার্যকর করা প্রয়োজন। নগদ সহায়তার অর্থও দ্রুত ছাড় দেওয়ারও পরামর্শ দেন তিনি। পাঁচ মাসে দেশের প্রধান রপ্তানি খাতের মধ্যে নিট পোশাকের রপ্তানি ৫ দশমিক ৬৬ শতাংশ এবং ওভেন পোশাকের রপ্তানি ৭ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এ দুই পণ্য লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারেনি। এ সময়ে নিট পোশাক রপ্তানি করে আয় হয়েছে ২৫৮ কোটি ১৬ লাখ ডলার, যা ৫ দশমিক ৬৬ শতাংশ কম। আবার ওভেন পোশাক রপ্তানিতে আয় হয়েছে ২১২ কোটি ৪২ লাখ ডলার, ৭ দশমিক ৮৬ শতাংশ কম। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, অন্যান্য পণ্যের মধ্যে কাঁচা পাট, পাটজাত দ্রব্য, প্রকৌশল ও ইলেকট্রনিকস পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা যেমন পূরণ করেছে, তেমনি রপ্তানি আয়েও প্রবৃদ্ধি হয়েছে। তবে নিট ও ওভেন পোশাক, হোম টেক্সটাইলসহ প্রধান প্রধান পণ্য কোনোটিই প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি এবং রপ্তানির লক্ষ্যমাত্রাও ছাড়াতে পারেনি। এসব পণ্যের মধ্যে রয়েছে: চামড়া, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, সিরামিক, চা, টেক্সটাইল ফেব্রিকস, টেরিটাওয়েল, হস্তশিল্প, পাদুকা সামগ্রী প্রভৃতি।চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক, ৬ দশমিক ৮ শতাংশ। আগস্টে প্রবৃদ্ধি ছিল সামান্য, দশমিক ৭১ শতাংশ। সেপ্টেম্বর মাসে আবার প্রবৃদ্ধি কমে যায় ২৮ দশমিক ২৭ শতাংশ এবং অক্টোবরে প্রবৃদ্ধি ১৮ দশমিক ০১ শতাংশ। এদিকে এখন পর্যন্ত অক্টোবর পর্যন্ত সময়ের আমদানি ব্যয়ের চিত্র পাওয়া গেছে। এ সময় পর্যন্ত আমদানি ব্যয় কমেছে প্রায় ১৫ শতাংশ। সর্বশেষ ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশে রপ্তানি আয় ও আমদানি ব্যয় উভয়েরই ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছিল।