বিশ্বমানের ইনসুলিন দেশে তৈরি হবে
বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক বাংলাদেশে ডায়াবেটিস বা বহুমূত্র রোগের চিকিৎসার ইনসুলিন তৈরির উদ্যোগ নিয়েছে। ওষুধটি তৈরি হবে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফের কারখানায়। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) টঙ্গীতে এসকেএফের কারখানায় ইনসুলিন তৈরির বিশেষ প্ল্যান্ট উদ্বোধন করবেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।বাংলাদেশ সফররত নোভো নরডিস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেসপার হইল্যান্ড গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছেন, ২০১১ সালের নভেম্বর থেকে নতুন প্ল্যান্টে ইনসুলিন উৎপাদন শুরু হবে। এই যৌথ উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, জীবন রক্ষাকারী বিশ্বমানের ওষুধ বাংলাদেশে তৈরির উদ্যোগ প্রশংসনীয়। এটা হলে দেশে পর্যাপ্ত ইনসুলিন সরবরাহের নিশ্চয়তা থাকবে।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সূত্র জানায়, দেশে প্রায় ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এদের মাত্র ২০ থেকে ২৫ শতাংশ সমিতির বিভিন্ন হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা পায়। ওষুধ প্রস্তুতকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইনসুলিন ব্যবহার করে, এমন মানুষের সংখ্যা প্রায় তিন লাখ।এ কে আজাদ খান বলেন, বিশ্বের যেসব দেশে মাহামারি আকারে ডায়াবেটিসের প্রকোপ দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশ তার অন্যতম। তিনি বলেন, টাইপ-এক ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। টাইপ-দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুন্দর জীবন যাপন করা সম্ভব। ইনসুলিন সুন্দর জীবনযাপনে সহায়তা করে।ইনসুলিন কী: ইনসুলিন মানুষের শরীরের শক্তিশালী প্রতিরক্ষামূলক হরমোন। শরীরে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি হয়। কোষে শর্করা (গ্লুকোজ) পৌঁছে দিতে সহায়তা করে ইনসুলিন। কোনো কারণে অগ্ন্যাশয় দুর্বল হয়ে পড়লে ইনসুলিন তৈরি কম হয়। তখন শর্করা কোষে পৌঁছায় কম, রক্তে শর্করা বেড়ে যায়। ডায়াবেটিস বা বহুমূত্র রোগীর শরীরে মূলত ইনসুলিনের পরিমাণ কম এবং তুলনায় শর্করা বেশি থাকে।গত শতাব্দীর প্রথম দুই দশক ধরে ইনসুলিন নিয়ে ব্যাপক গবেষণা হয়। কৃত্রিম ইনসুলিন আবিষ্কারের জন্য ১৯২৩ সালে দুজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। বর্তমানে অত্যাধুনিক জৈব-প্রযুক্তি ব্যবহার করে ইনসুলিন তৈরি করা হচ্ছে।বাংলাদেশ পরিস্থিতি: বাংলাদেশে তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসুলিন তৈরি করছে। এরা মূলত ভারত ও চীন থেকে কাঁচামাল এনে নিজেদের কারখানায় ইনসুলিন তৈরি করে।ডেনমার্ক-ভিত্তিক নোভো নরডিস্ক পৃথিবীর অন্যতম বৃহত্তম ইনসুলিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দাবি করছে, পৃথিবীর প্রতি দুজন রোগীর একজন এই প্রতিষ্ঠানের ইনসুলিন নেয়; আর বাংলাদেশে নেয় প্রতি ১০ জনের সাতজন। ওষুধের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইএমএসের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বাংলাদেশে ইনসুলিনের বাজারের ৮২ শতাংশ নোভো নরডিস্কের দখলে।ব্যবসায়িক অংশীদার হিসাবে এসকেএফকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জেসপার হইল্যান্ড বলেন, ইনসুলিনের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদনের সঠিক সামর্থ্য এসকেএফের আছে। তিনি বলেন, ‘ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমাদের সঠিক অংশীদার হবে।’জেসপার হইল্যান্ড বলেন, বাংলাদেশে ইনসুলিন উৎপাদন শুরু হলে অনেক রকম লাভ হবে। বিশ্বমানের ইনসুলিন তৈরির জন্য প্রযুক্তি ও জ্ঞান পাবে বাংলাদেশ, কর্মসংস্থান হবে; কম দামে ইনসুলিন পাওয়ার সম্ভাবনাও আছে। ডেনমার্কের বাইরে ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গেও তারা একই ধরনের ব্যবসা করছেন বলে জানান তিনি। এ কে আজাদ খান বলেন, ইনসুলিন তৈরি হয় জৈবপ্রযুক্তি ব্যবহারের করে। এই উদ্যোগের ফলে দেশে জৈবপ্রযুক্তি ব্যবহারের জ্ঞান বাড়বে। নোভো নরডিস্ক বাংলাদেশে প্রায় চার দশক ধরে ব্যবসা করছে। বারডেম হাসপাতালের মাধ্যমে ‘চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন’ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের ৮০০ ডায়াবেটিক শিশুকে চিকিৎসা সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল হাসপাতালে ডায়াবেটিস-আক্রান্ত শিশু ও গর্ভবতী মায়ের চিকিৎসায় দুটি পৃথক ক্লিনিক উদ্বোধন করা হয়। ডায়াবেটিস শনাক্ত করা ও চিকিৎসকদের প্রশিক্ষণে বারডেমকে সহায়তা দিচ্ছে তারা। নোভো নরডিস্কের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লিসে কিংগো, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেসপার হইল্যান্ড ও ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব শিশু বর্তমানে বাংলাদেশ সফর করছেন। আজ তাঁরা ট্রান্সকমের কর্মকর্তাদের সঙ্গে টঙ্গীতে ইনসুলিন তৈরির প্ল্যান্ট উদ্বোধন করবেন।