বিশ্বশান্তি উন্নয়নের আহ্বান শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক শান্তির লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে জাপানের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনও ব্যক্ত করেছেন তিনি।আজ মঙ্গলবার জাপানের হিরোশিমায় আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাপান-বাংলাদেশ মৈত্রী সমিতি এবং হিরোশিমা শান্তি ও সংস্কৃতি ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বর্তমানে জাপান সফর করছেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক বোমা দুটির ব্যবহার বিধ্বংসী অস্ত্রের এক নতুন যুগের সূচনা করেছে। এসব অস্ত্র মানবসভ্যতা এবং আমাদের গ্রহ তথা প্রিয় ধরিত্রী মাতাকে বিনাশ করার ক্ষমতাসম্পন্ন। প্রকৃতপক্ষে সেদিন যাঁরা জীবন বিসর্জন দিয়েছেন, তাঁদের ত্যাগ বৃথা যায়নি। কেননা, এই ত্যাগ সংঘাত নিরসনে এ ধরনের ধ্বংসাত্মক শক্তির ব্যবহার থেকে বিরত থাকার অপরিহার্য প্রয়োজনীয়তা প্রকট করে তুলেছে। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চূড়ান্ত লক্ষ্যে তাঁর দেশ বিশেষ বিশেষ অঞ্চলে পরমাণু অস্ত্রের মজুদ হ্রাসে জাপানের সঙ্গে কাজ করতে সদা প্রস্তুত রয়েছে।শেখ হাসিনা আরও বলেন, তাঁর সরকার মানবাধিকার, গণতন্ত্র ও আর্থসামাজিক উন্নয়নের মতো ইস্যুগুলোতেও জাপানকে সমর্থন করে। কেননা, এসব ইস্যু উপেক্ষা করা হলে সহজেই সংঘাত ও যুদ্ধের সূচনা হতে পারে। বাংলাদেশ ও জাপান ‘বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার প্রয়াসে এনপিটি’র বিধি-বিধানের প্রতি সম্মান দেখিয়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বন্ধে সব সময় ঘনিষ্ঠভাবে কাজ করেছে।এ সময় জাপান-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি মুওশি নারা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।—বাসস।