বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে এটা নিঃসন্দেহে বলা যায়, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনীর জাতিসংঘ শান্তি মিশনে শীর্ষে অবস্থান এবং তাঁদের বিশাল সাফল্য বাংলাদেশের একটি বিরাট অর্জন।১৯৮৮ সালে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ তার সাংবিধানিক ও নৈতিক অঙ্গীকার থেকে জাতিসংঘ ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে (ইউএনআইএমওজি) অংশগ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন সদস্যকে পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত করে। বস্তুত এর মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ব্লু হেলমেটে শান্তি মিশনে তাদের পদযাত্রা শুরু করে। শুরুতেই বাংলাদেশের শান্তিসেনারা তাঁদের কর্মদক্ষতা ও শৃঙ্খলা দ্বারা সবার দৃষ্টি আকর্ষণ করেন। সেই থেকে আর পিছু ফিরতে হয়নি। উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তাঁদের সংখ্যা ও ব্যাপ্তি। সেনাবাহিনীর পথ ধরে বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সালে এবং বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী ১৯৯৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া শুরু করে।স্বল্প সময়ের ব্যবধানে জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিসেনাদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। শীর্ষ তালিকায় এক থেকে তিনের মধ্যে থাকে আমাদের অবস্থান। অবশ্য অন্যান্য নিকটতম অংশগ্রহণকারী দেশের সশস্ত্র বাহিনীর আকারের আনুপাতিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান দীর্ঘকাল ধরেই শীর্ষেই বলা যায়।১৯৮৮ সাল থেকে অদ্যাবধি বিশ্বের যেসব অঞ্চলে সংঘাত নিরসন এবং শান্তি স্থাপনে জাতিসংঘ মিশন স্থাপন করেছে, তার প্রতিটিতেই বাংলাদেশ অংশ নিয়েছে। সে সুবাদে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ (হাইতিসহ), এশিয়া, ইউরোপ ও আফ্রিকা উপমহাদেশের আনাচকানাচে নানা দুর্গম ও সংঘাতবিক্ষুব্ধ দেশে বাংলাদেশ শান্তিরক্ষীদের পদচারণ ঘটেছে। তাঁদের কাজ ও ব্যবহারের মাধ্যমে তাঁরা পরিচয় ঘটিয়েছেন বাংলাদেশকে ও বাংলাদেশের পতাকাকে, কাজ করেছেন বাংলাদেশের দূত হিসেবে। এযাবৎ পৃথিবীর ৩০টি দেশে সাফল্যের সঙ্গে বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনী থেকে ৯১ হাজার ৬৪৮ জন সদস্য ৪৫টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। বর্তমানে ১১টি দেশে পুলিশসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১০ হাজার ৪২২ জন শান্তিসেনা ১২টি চলমান শান্তি মিশনে নিয়োজিত আছেন।পুরুষদের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর মহিলা সদস্যরাও অধিকতর সংখ্যায় এসব মিশনে অংশ নিচ্ছেন। লিঙ্গ অসমতা দূরীকরণে এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে এবং হচ্ছে।এ ছাড়া অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনী থেকে নয়জন জেনারেল পদবির অফিসার জাতিসংঘের বিভিন্ন মিশনে শান্তিরক্ষী বাহিনীর প্রধান (পাঁচজন ফোর্স কমান্ডার ও চারজন চিফ মিলিটারি অবজারভার) হিসেবে নিয়োজিত হন। এই নিয়োগ নির্বাচন নয়, প্রতিযোগিতার মাধ্যমেই হয়েছে। বাংলাদেশের জন্য এটি একটি সম্মান ও গৌরবের বিষয়। সংঘাতবিক্ষুব্ধ প্রত্যন্ত অঞ্চলে শান্তিরক্ষা একটি জটিল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এন্টারপ্রাইজ। সফলতা আনতে বাংলাদেশকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে। এ পর্যন্ত ৯১ জন বাংলাদেশি বীর শান্তিসেনা তাঁদের জীবন উৎসর্গ করেছেন এবং ১৩২ জন আহত হয়েছেন।যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁরা মরণোত্তর ‘জাতিসংঘ দ্যাগ হ্যামারশোল্ড পদক’ দ্বারা স্বীকৃত হয়েছেন। আমি মনে করি, বিশ্বশান্তির জন্য এটা একটি সম্মানজনক আত্মত্যাগ এবং এর জন্য আমরা গর্ব বোধ করি।বাংলাদেশি শান্তিসেনারা অভিযানের দায়িত্বের সঙ্গে সঙ্গে মিশন এলাকায় যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের অংশ হিসেবে আর্থসামাজিক উন্নয়নে স্বপ্রণোদিত হয়ে নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। এর মাধ্যমে বাংলাদেশি শান্তিসেনারা শুধু যে মিশন এলাকার জনগণ ও নেতৃত্বের মন জয় এবং প্রশংসা অর্জন করেছেন, তা নয়; তাঁরা সেখানকার জনগণের মধ্যে শান্তির সুফল এবং উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার ওপর আস্থা বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন।আনন্দের বিষয় হলো, বাংলাদেশের প্রথম দিকের শান্তিসেনাদের এসব কাজ থেকে শিক্ষা নিয়ে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন (ইউএনডিপিকেও) এসব কার্যক্রমকে সিভিল মিলিটারি সিভিক অ্যাকশন, আউটরিচ, কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট ও প্রোগ্রাম নামে তাদের অপারেশন কনসেপ্টে অন্তর্ভুক্ত করেছে।বাংলাদেশি শান্তিসেনাদের কারণে আজ বাংলাদেশ বিশ্বদরবারে ও বিশ্বনেতৃত্বের কাছে দুর্যোগের দেশ ‘কান্ট্রি অব ডিজাস্টার’-এর পরিবর্তে শান্তিসেনার দেশ (কান্ট্রি অব পিস কিপারস) হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশি শান্তিসেনারা বেশ কয়েকটি বছর ধরে একটি প্রশংসিত ব্র্যান্ড হিসেবে পরিচিত। এক কথায়, তাঁরা আদর্শ শান্তিসেনা, যাঁরা সুপ্রশিক্ষিত, দক্ষ মনন-মেজাজ ও আচরণে শান্তিরক্ষী সেনার উপযোগী, সুশৃঙ্খল ও সদাচারী, আর্তমানবতার সেবায় ব্রত, জনগণের মন জয় করতে সমর্থ এবং সে লক্ষ্যে এমনকি বিয়ন্ড দ্য কল অব ডিউটি—যেকোনো কিছু করতে উদ্যোগী। শান্তিরক্ষায় বাংলাদেশের সফলতা এমনিই আসেনি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্মলগ্ন থেকেই শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্ব প্রদান করে এর উৎকর্ষে অব্যাহতভাবে বিনিয়োগ করায় এটা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিক পদক্ষেপ হিসেবে ২৪ জুন ১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনী রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘পিস কিপিং অপারেশনস অ্যান্ড ট্রেনিং সেন্টার’ প্রতিষ্ঠিত করে, যা নতুন আঙ্গিক ও কলেবরে ‘সাপোর্ট অপারেশনস ট্রেনিং’ নামে নামকরণ করা হয়, যা বর্তমানে এটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান। অধিকন্তু প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা পার্বত্য চট্টগ্রামসহ দুর্যোগ মোকাবিলা, দেশ গঠন কর্মকাণ্ড, নির্বাচন অনুষ্ঠান এবং আইনশৃঙ্খলা অপারেশন থেকে যে অভিজ্ঞতা ও শিক্ষা লাভ করেছেন, তা জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে কাজে লাগিয়েছেন। সর্বোপরি বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এ বিষয়ে বিশেষ কৃতিত্বের দাবিদার। পর্যালোচনা করলে দেখা যাবে, সব সরকারই বাংলাদেশের জাতিসংঘ শান্তিমিশনে অংশ নেওয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সব সরকারের আমলে এ ব্যাপারে নীতির ধারাবাহিকতা বিশেষভাবে লক্ষণীয়। অবশ্য এর সুফল বাংলাদেশ পেয়েছে। শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী সুনাম অর্জনের পাশাপাশি অর্জন করছে ভালো অঙ্কের বৈদেশিক মুদ্রা, যা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগছে।মনে রাখতে হবে, নতুন নতুন দেশের জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণের ইচ্ছা ও প্রয়াসের কারণে আগামী দিনে এতে অংশগ্রহণ অধিকতর প্রতিযোগিতামূলক হবে। তাই বাংলাদেশকে তার বর্তমান অবস্থানে টিকে থাকতে হলে মানবসম্পদ এবং শান্তিরক্ষা অভিযানে প্রয়োজনীয় সরঞ্জামাদির উন্নয়ন ও উৎকর্ষের জন্য অব্যাহতভাবে দৃষ্টি দিতে হবে।লে. জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম: আরসিডিএস, পিএসসি (অব.)। সাবেক ফোর্স কমান্ডার, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন লাইবেরিয়া (আনমিল) (১৯ অক্টোবর ২০০৮-১৯ অক্টোবর ২০০৯)