এখন থেকে চার দশক আগে, একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, বিশ্বের মানচিত্রে যখন বাংলাদেশের আবির্ভাব ঘটল; তখন ভাষা ও কৃষ্টিভিত্তিক এ ধরনের একটি স্বাধীন রাষ্ট্রের সুপরিচিতি ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধ-উত্তর সময়ে সাম্রাজ্যবাদের বেড়াজাল থেকে বেরিয়ে আসা আফ্রো-এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রক্রিয়া ছিল ভিন্নতর। তাই জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ছিল একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগরের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায়, বিদেশের পাকিস্তানি দূতাবাসগুলোতে কর্মরত অবস্থায় সে দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নকারী বাঙালি কর্মকর্তারা একটি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করেন। বাংলাদেশের ‘মুক্তির সংগ্রাম’ আর ‘স্বাধীনতার সংগ্রাম’-এর প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এবং সহানুভূতি ও সাহায্য লাভের ক্ষেত্রে তাঁদের কর্মকাণ্ড আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গৌরবমণ্ডিত অধ্যায়। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভে তা নিঃসন্দেহে সহায়ক ছিল।আনুষ্ঠানিকভাবে ১৯৭৪-এর ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘে সদস্যের আসন গ্রহণ করল। কিন্তু সে অবস্থায় উপনীত হওয়া সহজসাধ্য ছিল না। পাকিস্তান এবং অন্য বেশ কয়েকটি রাষ্ট্রের বিরোধিতা এবং ভেটো ক্ষমতাধারী, নিরাপত্তা পরিষদের সদস্য চীনের বিশেষ অবস্থান ছিল আমাদের সদস্যপদ লাভের অন্তরায়। এই বাধা ডিঙিয়ে আমাদের কূটনীতির চাকা সম্মুখপানে সচল রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অন্যন্যসাধারণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময়ের একজন পেশাদার কূটনীতিক হিসেবে, সেই অধ্যায়ের স্মৃতি রোমন্থন আমার জন্য তৃপ্তিদায়কই বটে।সেই সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতিসংঘের সদস্যপদ লাভ অগ্রাধিকার ভিত্তিতে আমাদের কূটনীতির অবিচল লক্ষ্য ছিল। তা না হলে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ত। স্বাধীনতা লাভ করা পর্যন্ত ভারত ও বাংলাদেশের লক্ষ্য মূলত অভিন্ন ছিল। কিন্তু আমাদের স্বাধীনতা লাভের পর, বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের দুই বন্ধুরাষ্ট্রের স্বার্থে ভিন্নতা আসতে পারে, এই বাস্তব সত্যটি বঙ্গবন্ধুর উপলব্ধিতে ছিল সদাজাগ্রত।পাকিস্তানের জেল থেকে মুক্তি পাওয়ার পর আমাদের সার্বভৌমত্ব স্থাপন ও দৃশ্যমান করতে বঙ্গবন্ধু সদা সচেষ্ট ছিলেন। জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য তাঁর প্রয়োজন ছিল। ৮ জানুয়ারি ১৯৭২ সালে লন্ডনে পৌঁছেই বঙ্গবন্ধু বিশ্বের রাষ্ট্রপুঞ্জকে বাংলাদেশকে স্বীকৃতি দান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে সমর্থন করার আহ্বান জানালেন। কমনওয়েলথে বাংলাদেশের সদস্য হওয়ার আগ্রহ তিনি ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের কাছে। ১০ জানুয়ারি ১৯৭২ সালে দিল্লির পালাম বন্দরে অবতরণ করেই আমাদের মুক্তির সংগ্রামে বিপুল সাহায্যের জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানালেন। একই সময় পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে তিনি বললেন, কারও সম্বন্ধে কোনো বৈরী ভাব নিয়ে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করছেন না। তবে তাঁর সন্তুষ্টি এই যে অবশেষে অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয়েছে। ঢাকায় সেই অপরাহ্নেই তিনি তাঁর বিরাট জনসভায় পাকিস্তানকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চায়। তার কিছুদিন পর ৬ ফেব্রুয়ারি ১৯৭২ সালে কলকাতায় তাঁর সফরকালে আমাদের অঞ্চলে প্রতিবেশীদের মধ্যে ‘বন্ধ্যা বিরুদ্ধাচরণের’ পরিবর্তে তিনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানালেন। ৮ ফেব্রুয়ারি ১৯৭২ সালে কলকাতায় মুজিব-ইন্ধিরা আলোচনায় সিদ্ধান্ত হলো, ২৫ মার্চ ১৯৭২-এর আগেই বাংলাদেশের মাটি থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে। বাংলাদেশের স্বাধীন কূটনীতি এভাবেই পাল তুলল।কিন্তু লক্ষ্যে পৌঁছানো তখনো অনেক বাকি। ২৫ আগস্ট ১৯৭২-এ নিরাপত্তা পরিষদে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ সম্বন্ধে সোভিয়েত ইউনিয়ন, ভারত ও অন্য সদস্যদের আনা একটি প্রস্তাবে চীন প্রত্যাশিত ‘ভেটো’ দিতে গিয়ে বলল, ‘বর্তমান অবস্থায়’ চীন তা করতে বাধ্য হচ্ছে।১৯৭৩-এর এপ্রিল মাসে ভারত থেকে ৯০ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দীর প্রত্যাবর্তন এবং ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনার বিচারসহ অন্যান্য বিষয়ে বিশ্বের রাষ্ট্রগুলোকে জ্ঞাত করার জন্য, বঙ্গবন্ধু পাঁচজন বিশেষ দূতকে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর আমেরিকায় পাঠালেন। তাঁদের কাছ থেকে উপরিউক্ত সমস্যাবলি সম্বন্ধে বহির্বিশ্বের মতামতের একটি স্পষ্ট ধারণা পাওয়া গেল। সেই সময় এই বিষয়গুলোতে ভারত আর বাংলাদেশের অবস্থানের ভিন্নতা বেশ কিছুটা ফুটে উঠল।১৯৭৪ সালের মার্চে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধিদল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় ইসলামিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে এল। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি না দিলে বঙ্গবন্ধু লাহোরে যাবেন না, এই অবস্থানে বাংলাদেশ অনড় রইল। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দানের পরই সেই সম্মেলনে বঙ্গবন্ধু যোগ দিতে রাজি হলেন এবং তখন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর এই একক সিদ্ধান্তের কথা অবহিত করলেন। পাকিস্তানের স্বীকৃতি এবং বঙ্গবন্ধুর শীর্ষ সম্মেলনে যোগদান, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ সম্বন্ধে চীনের অবস্থান নমনীয় করল।এদিকে ১৯৭৪-এর এপ্রিলে নয়াদিল্লিতে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মাঝে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে ১৯৫ জন যুদ্ধাপরাধীর প্রশ্নটি প্রাধান্য পেল। সেই সম্মেলনে যোগদানকারী পররাষ্ট্রসচিব ফখরুদ্দিন আহমদ লিখেছেন, ‘তখন আমাদের স্পষ্ট ধারণা জন্মাল যে যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাদের সম্বন্ধে শুধু পাশ্চাত্য শক্তিবর্গই নয়, সোভিয়েত ইউনিয়ন এবং ভারতও অনুৎসাহী।’ সেই সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধী সেনাদের কর্মকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করলেন এবং তাদের প্রতি সরকারের নিন্দা জানালেন। বঙ্গবন্ধু তখন মস্কোতে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় দিল্লি থেকে বাংলাদেশ প্রতিনিধিদল তাঁর কাছে এই যুদ্ধবন্দীদের প্রতি ক্ষমাপ্রদর্শন করার সুপারিশ পাঠাল। বঙ্গবন্ধু তাতে তাঁর সম্মতি দিলেন।এদিকে ভুট্টো একটি বার্তা পাঠালেন যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আনুষ্ঠানিক অনুরোধ যেন তাঁর (ভুট্টোর) আসন্ন বাংলাদেশ সফরের পরই প্রেরণ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিংও অনুরূপ মত ব্যক্ত করলেন। কিন্তু ভুট্টোর বাংলাদেশ সফর আর আমাদের জাতিসংঘে সদস্যপদ লাভের সঙ্গে কোনো সম্পর্কই আমরা রাখতে চাইনি। তাই সদস্যপদ লাভের জন্য আনুষ্ঠানিক অনুরোধটি ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছিল। চীনের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে আমরা নিশ্চিত ছিলাম যে এই যাত্রায় চীন আর বাদ সাধবে না।১৯৭৪ সালের ১০ জুন নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ সভার কাছে বাংলাদেশের সদস্যপদের জন্য সুপারিশ করল। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪-এ বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে আসন গ্রহণ করল। ২৮ সেপ্টেম্বর ১৯৭৪-এ ইতিহাসে প্রথমবারের মতো বাংলা ভাষায় প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু বললেন, বন্যা আর বিবিধ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাংলাদেশে প্রায় দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হয়েছে বৈকি। তাঁর খোলামেলা এই বক্তব্য জাতিসংঘের নজর কাড়ল।বঙ্গবন্ধুর সান্নিধ্য একটি উপলব্ধি আমার মনে সৃষ্টি করেছিল। তা হলো কখনো কখনো কূটনীতিতে সোজাসাপটা কথা, আর দেশের সর্বোচ্চ স্বার্থে সাহসী সিদ্ধান্তের একান্ত প্রয়োজন রয়েছে।ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব ও কলাম লেখক