বিশ্বসাহিত্য কেন্দ্রে আবদুল্লাহ আবু সায়ীদকে সংবর্ধনা
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, একটি সুন্দর ও আলোকিত জীবন মহাবিশ্বের সমান। আর সেই জীবনের পূর্ণতা আসে বই পড়ার মাধ্যমে। ‘আলোকিত মানুষ চাই: দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ শিরোনামে বইপড়া কর্মসূচির ২৬তম ব্যাচের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল শুক্রবার এ পুরস্কার বিতরণী এবং বাংলা একাডেমী পুরস্কার পাওয়ায় আবদুল্লাহ আবু সায়ীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনার আয়োজন করেন কেন্দ্রের কলেজ কর্মসূচি প্রাক্তনীরা।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাক্তন ছাত্র ও উপস্থাপক আব্দুন নূর তুষার, অভিনেতা খায়রুল আলম সবুজ প্রমুখ। অনুষ্ঠানে খায়রুল আলম সবুজের ৬৪তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথি ও ছাত্রছাত্রীরা।বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকা মহানগরের ১০টি কলেজের একাদশ শ্রেণীর মোট ২৫৮ জন শিক্ষার্থীকে বইপড়া পুরস্কার দেয়। পুরস্কার হিসেবে ছিল বই। পুরস্কারগুলো ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’, ‘অভিনন্দন’, ‘শুভেচ্ছা’, ‘স্বাগত’ এই চারটি ভাগে বিভক্ত। বার্ষিক বইপড়া কর্মসূচিতে নটর ডেম কলেজ সর্বোচ্চ ৯৬টি পুরস্কার পেয়ে প্রথম স্থান অর্জন করে।অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘বই এমন একটি পুরস্কার, যা ভবিষ্যৎ গঠনে সূদুরপ্রসারী ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনা ঠিক রেখে বিতর্ক, বইপড়া ইত্যাদি সৃজনশীল কর্মে অংশগ্রহণের পরামর্শও দেন তিনি। বাংলা একাডেমী পুরস্কার পাওয়ায় এ লেখককেও অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হয়।