বিশ্বাস করি না ছেলেমেয়েরা ফেল করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের লক্ষ্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া। আমি বিশ্বাস করি না ছেলেমেয়েরা কখনো ফেল করতে পারে। মাধ্যমিকসহ সব পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী যাতে পাস করে, সে জন্য যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছি।’ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় ঢাকার গোপালগঞ্জ সমিতি আয়োজিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। বিভিন্ন পরীক্ষায় এখন ৯৫ ভাগ শিক্ষার্থী পাস করেছে। মেয়েদের পাসের হার বেশি। এটা শুনে যদি আমাদের ছেলেরা লেখাপড়ায় আরেকটু মনোযোগী হয়, তাহলে আমি খুশি হব।’ তিনি বলেন, দেশে মাধ্যমিক পরীক্ষায় ৪০ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ৬০ ভাগ ফেল করে। অথচ এই শিক্ষার্থীরাই বিদেশে গিয়ে ভালো ফল করে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তাহলে সমস্যাটা কোথায়?’শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা পড়াশোনায় মনোযোগী হও। কেউ এই সম্পদ কেড়ে নিতে পারে না। তাই তোমাদের এই সম্পদ বেশি করে আহরণ করার আহ্বান জানাই।’ অনুষ্ঠানে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ভবিষ্যত্ পরিকল্পনা কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের হাতে যদি পর্যাপ্ত টাকা থাকত তাহলে সব শিক্ষা অবৈতনিক করে দিতাম, একেবারে স্নাতকোত্তর পর্যন্ত।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের লক্ষ্য মানুষের ঘরে ঘরে কম্পিউটার থাকবে। ছেলেমেয়েদের হাতে ল্যাপটপ, আইফোন, আইপ্যাড, আই টপ থাকবে।’ প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র খুলে দিয়েছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জমির পর্চা, ভর্তির ফরম, টাকা সব এখন অনলাইনে মুঠোফোনের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে।’ শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিশুদের শিক্ষার জন্য স্কুল করা হয়েছে। মাইলের পর মাইল হেঁটে যাতে শিশুদের স্কুলে যেতে না হয় সেদিকে খেয়াল রেখে সারা দেশে স্কুলগুলো তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংগঠনের সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রমুখ বক্তব্য দেন।যা যা করলেন প্রধানমন্ত্রী সমাবেশে প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেন। এ ছাড়া তিনি বোতাম টিপে স্টান্ডার্ড ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার উদ্বোধন করেন। এর আগে বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান। হেলিপ্যাড থেকে গাড়ি করে প্রথমে তিনি সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান। সেখানে প্রধানমন্ত্রী সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধার্ঘ দেন। বেলা তিনটার দিকে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন ও নির্মাণাধীন ভৌত অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময়, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও গোপালগঞ্জ জাতীয় মহিলা সংস্থার কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেল চারটার দিকে গোপালগঞ্জ শহরের ঘোষেরচরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবনের উদ্বোধন করেন।