বিশ্বাস নেই, তবু বন্ধুত্ব
তারা কেউ কাউকে বিশ্বাস করে না। তবু একে অপরকে বন্ধু বলে দাবি করে। দাবি করে, তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সহযোদ্ধা। এই দ্বান্দ্বিক বন্ধুত্ব যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের।যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর তারা ওসামা বিন লাদেনসহ আল-কায়েদার জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ঘোষণা দেয় তত্কালীন মার্কিন প্রশাসন। তাদের সে লড়াই এখনো চলছে। শুরু থেকে এ লড়াইয়ে মিত্র হিসেবে পাকিস্তানকে বেছে নেয় তারা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে অর্থসহায়তা হিসেবে কোটি কোটি ডলারও দিয়ে আসছে তারা। কিন্তু যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বমুখর একটা সম্পর্ক ছিল একেবারে সূচনা-লগ্ন থেকেই।যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে, পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা আইএসআই জঙ্গিদের মদদ দিচ্ছে। তাদের ছত্রছায়ায় লুকিয়ে আছে ওসামার মতো শীর্ষ জঙ্গি নেতারা।পাকিস্তান বরাবরই এ অভিযোগ নাকচ করে আসছে। গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে বিনা অনুমতিতে মার্কিন বিশেষ বাহিনী গোপন অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। গত নভেম্বরে ন্যাটোর হামলায় আফগান সীমান্ত-সংলগ্ন এলাকায় ২৪ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হলে সম্পর্কের আরও অবনতি ঘটে। এ ঘটনায় পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান। এ সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও সমাধান হয়নি।এর মধ্যে লাদেনকে ধরিয়ে দিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহযোগিতা করার অভিযোগে চিকিত্সক শাকিল আফিদ্রিকে উপজাতীয় একটি বিশেষ আদালত ৩৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন। এ ঘটনায় দুই দেশের সম্পর্কের তিক্ততা নতুন মোড় নিয়েছে। এ ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্র পাকিস্তানের জন্য বরাদ্দ-সহায়তা থেকে মোটা অঙ্কের অর্থ কাটার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষদের অনেকের মধ্যে এখন মার্কিন-বিরোধী মনোভাব দেখা যাচ্ছে। লাদেনকেও যে তারা ভালো চোখে দেখেছে, তা নয়।সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে পাকিস্তানের শিক্ষিত একজন ব্যবসায়ী নারী বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা কেবল অস্থিতিশীলতা ও সহিংসতা পেয়েছি।’ পাকিস্তানসহ ওই এলাকায় ওয়াশিংটনের অবদানের বিষয়ে অনেক পাকিস্তানির যে ধারণা, এরই প্রতিফলন ঘটেছে ওই নারীর কথায়।ওই ভোজের অনুষ্ঠানে অনেক কূটনীতিক উপস্থিত ছিলেন। তাঁদের সামনে পাকিস্তানি ওই ব্যবসায়ী নারী প্রশ্ন করেন, ‘ওসামা বিন লাদেন যে একজন সিআইএর গুপ্তচর ছিলেন, তা কি আপনাদের জানা ছিল না?’ এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে গত শতাব্দীর আশির দশকে আফগানিস্তানে তত্কালীন সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন-সমর্থিত প্রতিরোধে লাদেনের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকায় ছিল, লাদেনও ঠিক একই ভূমিকায় ছিলেন।রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র যদিও পাকিস্তানকে কোটি কোটি ডলার সহায়তা হিসেবে দিচ্ছে, এর পরও দেশটির সাধারণ মানুষ তাদের স্বার্থপর মিত্র বলেই জানে।ওয়াশিংটনে কাজ করে আসা পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি রয়টার্সকে বলেন, ‘উভয় দেশের মধ্যে সম্পর্কের অবনতি যেমন ঘটেছে, দুই দেশের নাগরিকদের পারস্পরিক মনোভাবও যেন আয়নার প্রতিবিম্ব হয়ে উঠেছে।’ তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যেমন পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে, পাকিস্তানি নাগরিকদের মনোভাব ঠিক তেমনই।আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন এক দশকের হস্তক্ষেপ যে দেশে দুর্গতি ডেকে এনেছে, এ বিষয়টি মালিহা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিননীতি এ অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়, যা এ অঞ্চলে কেবল দুর্দশা ডেকে এনেছে।গত বছর পূর্বাঞ্চলীয় শহর লাহোরে মার্কিন নাগরিক রেমন্ড ডেভিসের হাতে দুই পাকিস্তানি খুন হওয়ার ঘটনা দুই দেশের বিরূপ সম্পর্কে আরেকটি ক্ষত সৃষ্টি করে। রেমন্ড ডেভিস সিআইএর ভাড়াটে লোক বলে পাকিস্তানি নাগরিকদের দাবি। সংবাদ মাধ্যমেও তাঁকে সিআইএর চর বলে অভিহিত করা হয়।এ ঘটনায় ওয়াশিংটন বলেছে, ডেভিস আত্মরক্ষার্থে এ ঘটনা ঘটান। কিন্তু পাকিস্তানের মানুষ বলছে, এটা হচ্ছে সিআইএ চরের ‘র্যাম্বো (হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন অভিনীত চরিত্র)’ ধাঁচের কাজ।করাচির খেলাধুলার সামগ্রী বিক্রেতা মোহাম্মদ ইমরান বলেন, ‘আমাদের বাড়িতে মুরুব্বির কথাই শেষ কথা। ছোটরা যা খুশি বলতে পারে কিন্তু মুরব্বি কষে একটা চড় দিলেই তার মুখ বন্ধ।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বড় ভাই বা বাবার মতো। রেমন্ড ডেভিসের ঘটনাটির দিকে দেখুন। কেউ তাঁকে স্পর্শ পর্যন্ত করল না। উল্টো তাঁকে মর্যাদা আর সম্মানের সঙ্গে চলে যেতে দেওয়া হলো।’অনেক পাকিস্তানির দৃঢ় বিশ্বাস, আফগানিস্তানে সাবেক সোভিয়েত শাসনের বিরুদ্ধে ইসলামি যোদ্ধাদের লড়ার জন্য মদদ দিয়ে এ অঞ্চলে জঙ্গিবাদের বীজ বুনে দেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তান সোভিয়েত দখলমুক্ত হওয়ার পর ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবান শাসনের অবসান ঘটে। এর পর মার্কিন বাহিনী তালেবান ও আল-কায়েদার নেতাদের সীমান্ত পার হয়ে পাকিস্তানে যেতে বাধ্য করে। এভাবে পাকিস্তানের সঙ্গে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। পরে সেই পাকিস্তানকেই যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করে।জিনস ও টি-শার্ট বিক্রেতা জুবাইর খান বলেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর নানা বিষয়ে, বিশেষ করে তালেবান জঙ্গিদের তত্পরতার ব্যাপারে বেশ চাপ প্রয়োগ করছে।’ তিনি বলেন, ‘এ যুদ্ধের ব্যাপারে আমাদের কিছুই করার নেই। কিন্তু ৯/১১-এর পর থেকে আফগানিস্তানে যত বেশি মানুষ মারা গেছে, এর মাশুল গুনতে হয়েছে আমাদের। পোহাতে হয়েছে দুর্ভোগ।’