বিশ্বাসই হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের মধ্যে সংশয়—আসলেই আর্জেন্টিনা দল ঢাকা আসবে? মেসি যদি না আসেন! কিছুই করার থাকবে না আয়োজকদের। এসব নিয়ে ভাবার দায় একজন পেশাদার ক্রীড়া সাংবাদিকের নয়। কিন্তু মনে ঠিকই ভাবনা এসেছে।আরও বেশি এসেছে নানা সমস্যা দেখে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো ছিল না সপ্তাহ তিনেক আগেও। এরপর তো শুরু হলো আর্জেন্টিনা কবে আসবে তা নিয়ে অনিশ্চয়তা। এসব নিয়ে রিপোর্ট লিখতে খারাপই লাগত। নেতিবাচক খবর মানুষের কাছে ভুল বার্তা পাঠায় কি না, সতর্ক থাকতে হয়েছে। মানুষ যদি বাফুফের ওপর আস্থা না রাখে! টিকিট না কেনে! তাহলে তো সবই মাটি!তবে ভেতরে ভেতরে উত্তেজনাটা ঠিকই বাড়ছিল। আর্জেন্টিনা ঢাকায় আসার আগের রাতে চোখে ঘুম উধাও। বিমানবন্দরে ঢোকা যাবে না। এটা জানার পরও মন কি আর মানে! সাতসকালে বিমানবন্দরে হাজির। একটু পর মেসি নামবেন বাংলার মাটিতে। আহা! মনের মধ্যে আনন্দ আর বিস্ময় মিলে মিশে একাকার। সাংবাদিক নই, ব্যানার হাতে মেসিদের অভ্যর্থনা জানানো ভিড়েরই একজন মনে হচ্ছিল!নেতা-নেত্রীদের নিয়ে সমর্থকদের মোটর শোভাযাত্রার কত ছবি টিভিতে দেখা যায়। ৬ সেপ্টেম্বর নিজেই সে রকম এক শোভাযাত্রার অংশ হয়ে গেলাম! পুরো যাত্রাপথটা ভিডিও করেছেন সতীর্থ এক ক্রীড়া সাংবাদিক। সেটিতে নিজেকে কোনো মিছিলকারীর মতো লাগছে! ম্যাচের দিন চেনা প্রেসবক্সটাকে লাগল অচেনা। গোটা মাঠটাও। সবকিছু বর্ণিল। এই প্রেসবক্সে বসে কত ম্যাচ কাভার করেছি। রোদ-ঝড়-বৃষ্টি...কোনো বাধাই বাধা হয়নি। দর্শকশূন্য নিষ্প্রাণ গ্যালারি, পাতানো খেলা...কত যে বিদ্রূপ করেছে। আজ এই মাঠেই মেসি খেলছেন! মেসি-দর্শন সারা জীবনের বড় প্রাপ্তি। পুরো আর্জেন্টিনাকে দেখা বাড়তি পাওনা। নিজেকে ভাগ্যবান লাগছে। ক্রীড়া সাংবাদিক জীবনটা সার্থক ভাবতে এখন আর কোনো দ্বিধা নেই। এখনো বিশ্বাসই হচ্ছে না মেসি বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলে গেছেন! গোটা ব্যাপারটা এমনই অবিশ্বাস্য!