বিশ্বাসঘাতকতার শিকার সাইফ! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সাইফের পথপ্রদর্শক এক ব্যক্তি দাবি করেছেন তিনিই সাইফকে গাদ্দাফি-বিরোধী যোদ্ধাদের কাছে ধরিয়ে দিয়েছেন।লিবিয়ার জিনতান এলাকার ইউসেফ আল-হোতমানি নামের এক লিবীয় বেদুইন বার্তা সংস্থা রয়টার্সের কাছে নিজেকে সাইফের পথপ্রদর্শক দাবি করে বলেছেন, মরুভূমি থেকে নাইজারে পালিয়ে যেতে সহায়তার জন্য সাইফ তাঁকে পথপ্রদর্শক হিসেবে ভাড়া করেছিলেন। এ জন্য তাঁকে ১০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাইফ। চুক্তি অনুযায়ী সাইফকে নাইজারে পালিয়ে যেতে সহায়তা করার প্রতিজ্ঞা করেছিলেন ইউসেফ আল-হোতমানি। কিন্তু বিশ্বাসঘাতকতা করে সহায়তার পরিবর্তে তিনি সাইফকে যোদ্ধাদের কাছে ধরিয়ে দেন।

ইউসেফ আল-হোতমানি দাবি করেন, যোদ্ধাদের কাছে ধরিয়ে দেওয়ার আগে কাজের বিনিময়ে তখন পর্যন্ত সাইফ তাঁকে এক টাকাও দেননি। তা ছাড়া হোতমানি আশঙ্কা করছিলেন, সাইফ সীমান্তে তাঁকে মেরে ফেলবেন। এ কারণেই তিনি তাঁকে যোদ্ধাদের কাছে ধরিয়ে দিয়েছেন।গত শনিবার লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে দেশটির দক্ষিণাঞ্চলের ওবারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে সাইফকে জিনতানের নিয়ে যাওয়া হয়।একসময় সাইফকে গাদ্দাফির উত্তরসূরি ভাবা হতো। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সাইফকে লিবিয়ার মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে।সাইফের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতেরও (আইসিসি) পরোয়ানা আছে। গত ফেব্রুয়ারিতে লিবিয়ায় গাদ্দাফি-বিরোধী বিদ্রোহ শুরু হলে তা দমনে সাইফ কঠোর ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।