বিশ্বাসঘাতকদের দূরে রাখার প্রতিজ্ঞা করেছে শাহবাগ: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)
মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, শাহবাগ আন্দোলন থেকে দেশের সব বিশ্বাসঘাতককে সমাজ থেকে দূরে রাখার প্রতিজ্ঞা করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগান মাঠে ওয়াল্র্ড ইউনিভার্সিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আনন্দ উত্সব ও ঢাকার বর্ষীয়ান ভাষাসৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের বিষয়জ্ঞানের পাশাপাশি স্বাধীনতার প্রতি বিশ্বাস, দেশের প্রতি আনুগত্য ও মমত্ববোধ প্রকাশ করে সমাজকে এগিয়ে নিতে হবে। শাহবাগ আন্দোলন দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে যুবসমাজ তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, সম্মিলিতভাবে যদি এগুলো করা যায়, তবে সমাজ ও দেশ থেকে সব অপশক্তি অপসারণ করা সম্ভব হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী।