বাংলাদেশের মতো এক নিম্ন আয়ের দেশের জন্য বাজেট প্রণয়ন করা যেকোনো সরকারের জন্য একটি ক্লেশকর বার্ষিক অনুশীলন। আমাদের রাষ্ট্রের আয়ের চেয়ে ব্যয় বেশি, রপ্তানির চেয়ে আমদানি বেশি, বিনিয়োগযোগ্য সম্পদের চেয়ে চাহিদা বেশি। এসব অব্যাহত কাঠামোগত প্রতিবন্ধকতা ছাড়াও বিরূপ আন্তর্জাতিক অর্থনীতি এবং বর্তমান অর্থবছরে দেশের সামষ্টিক অর্থনীতিতে কিছু নেতিবাচক প্রবণতার মতো সমসাময়িক বিষয়গুলো এ বছর বাজেট প্রস্তুতের কাজটাকে বেশ কিছুটা চাপের মধ্যেই রেখেছিল বলে আন্দাজ করি।এবার প্রাক-বাজেট আলোচনায় যেসব বিষয় প্রাধান্য পেয়েছে, তার মধ্যে ছিল প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়া, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভর্তুকি ব্যবস্থাপনা, ভাড়াটে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অর্থনৈতিক অভিঘাত, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের প্রভূত ঋণ গ্রহণ, বা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ধীরগতি, কৃষকের বাম্পার ফলনের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সব ধরনের বিনিয়োগ চাঙা করার প্রয়োজনীয়তা, শিক্ষিত যুবকদের কর্মনিয়োজন ইত্যাদি। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় তাঁর রাজনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও এসব বিষয়ের অনুরণন লক্ষ করেছি। তবে তাঁর সব ব্যাখ্যা বা অনুসিদ্ধান্তের সঙ্গে যে সর্বদা একমত হয়েছি, তা নয়। লক্ষণীয়, গত অর্থবছরের বাজেটীয় শৃঙ্খলা যে কিছুটা পর্যুদস্ত ছিল, তার স্বীকৃতি হিসেবে বাজেট বক্তৃতায় সরকারি আয়-ব্যয় ঘাটতির হিসাব কেন সংশোধন করতে হয়েছে, সে বিষয়ে একটি পরিচ্ছেদ সংযুক্ত হয়েছে।সামগ্রিক বাজেট কাঠামো পর্যালোচনা করলে আমরা লক্ষ করব, যেসব প্রথাসিদ্ধ নীতিমালা অনুসরণ করে সাধারণত বাজেটের লক্ষ্যমাত্রাগুলো প্রাক্কলিত হয়, সে ক্ষেত্রে কোনো বড় ব্যত্যয় হয়নি। আগামী অর্থবছরের আয় বৃদ্ধির চেয়ে ব্যয় বৃদ্ধির হার কম রাখা হয়েছে। বর্ধিত আয়ের মূল অংশ জাতীয় রাজস্ব বোর্ড থেকে এলেও, আরও কিছুটা আনা হবে করবহির্ভূত আয় থেকে। ব্যয়কাঠামোতে অনুৎপাদনশীল ব্যয় বৃদ্ধি সংযত রেখে, বর্ধিত আয়ের বেশির ভাগটা দেওয়া হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। বাজেট ঘাটতির অর্থায়নে অভ্যন্তরীণ উৎসের ওপর চাপ কমিয়ে বৈদেশিক সাহায্যের ভূমিকা বাড়ানো এবং অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, গত বছরও আমরা একই রকম বিন্যাসই পেয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে এসব প্রাক্কলন বাস্তবসিদ্ধ না হওয়ায়, নীতি উদ্যোগ ও সমন্বয় না থাকায় এবং উন্নয়ন প্রশাসন যথেষ্ট সক্ষম না থাকায় এসব লক্ষ্যমাত্রার শুদ্ধতা রক্ষা করা যায়নি। উদ্বেগের জায়গাটি হচ্ছে, এই রূপ পরিস্থিতি আগামী অর্থবছরে পুনরাবৃত্তি ঘটবে না, তার কোনো নিশ্চয়তা আমরা পাইনি। সমসাময়িক অর্থনৈতিক স্থিতিশীলতাকে সংহত করার জন্য নতুন বাজেটের শৃঙ্খলা রক্ষার অপরিহার্যতার বিষয়টি যথাযথভাবে প্রকাশ পায়নি।বিগত অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশের প্রাথমিক হিসাব পরবর্তী সময়ে সংশোধন হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। যে তিনটি কারণ এ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে তার একটির সঙ্গে একমত হওয়া যায়—বোরো উৎপাদনের চূড়ান্ত হিসাব হয়তো আরও বেশি হবে। কিন্তু অপর দুটি কারণ, বিদ্যুৎ-পরিস্থিতির উন্নতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধিক বাস্তবায়ন—বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। অপর দিকে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির ৭ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বড় ধরনের কৃতিত্ব দেখাতে হবে। প্রশ্ন হলো, যেসব প্রতিবন্ধকতার কারণে বিদায়ী অর্থবছরে বিনিয়োগের হারের পতন ঘটেছে— তার নিরাময় করতে হবে দ্রুততার সঙ্গে। মনে রাখতে হবে যে এই বাড়তি প্রবৃদ্ধিটা আসতে হবে শিল্প খাতে ব্যক্তি বিনিয়োগ থেকে, কিন্তু বাস্তবে তার জন্য ব্যাংকঋণ, বিদ্যুৎ ও গ্যাসের লভ্যতাসহ বিভিন্ন বিষয়ের সুরাহা প্রয়োজন। নতুন বাজেটে যেসব খাতে বড় বরাদ্দের মাধ্যমে অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছে, তা প্রথাগত। এ ক্ষেত্রে অভিজ্ঞতা বলে, বরাদ্দের পরিসরের দ্বারা বেশি তাড়িত না হয়ে আমাদের এই অর্থ ব্যবহারের দিকে নজর দেওয়া উচিত। এ কথা মনে রেখে বলব, কৃষি খাতে বরাদ্দ আগামী অর্থবছরে প্রায় একই রকম রয়ে গেছে, বরং মোট বরাদ্দের অনুপাত হিসাবে কমে গেছে। সাধারণভাবে, মোট সরকারি ব্যয়ের বর্ধিত অংশটি যাবে ভৌত (জ্বালানি ও যোগাযোগ) ও সামাজিক অবকাঠামো (শিক্ষা ও স্বাস্থ্য খাতে)।আগামী বছরের মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। এ বছর এপ্রিল মাসে তা ছিল ১০ দশমিক ৯ শতাংশ। দেশের চালের উৎপাদন ভালো হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমবে, কিন্তু বিগত মাসগুলোতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বাড়ছে। জ্বালানিসহ অন্যান্য পরিষেবার মূল্যবৃদ্ধি ও টাকার বিনিময় হার পতনের কারণে মূল্যস্ফীতির এ উপাদান বেশি কমবে বলে মনে হয় না। বিশেষ করে, তাতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেশি কমতে পারবে বলে মনে হয় না। বিশেষ করে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চুক্তি অনুযায়ী, ডিসেম্বর ২০১২-এর মধ্যে জ্বালানি মূল্য আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সমন্বয় করার সরকারি প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে। তাই সার্বিক মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে হয় না। ভর্তুকির বিষয়ে বাজেট বক্তৃতায় স্বচ্ছতার অভাব স্পষ্ট—অথচ এটাই সামপ্রতিক সময়ে বাজেটের অন্তর্নিহিত বিশৃঙ্খলার উৎস। গত অর্থবছরে প্রাথমিক বরাদ্দ ২০ হাজার ৪৭৭ কোটি ধরা হলেও পরবর্তী সময়ে বেড়ে সংশোধিত বাজেটে ৩০ হাজার ১৫৪ কোটি টাকা দাঁড়ায়। কিন্তু ভর্তুকি খাতে মোট বরাদ্দ কত, তা কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা আইএমএফের কাছে প্রতিশ্রুতি পূরণে অপারগতার কারণেও হতে পারে। তবে এটা স্পষ্ট যে, আগামী অর্থবছরে কৃষি খাতে ভর্তুকি কমানো হবে জ্বালানি ও সারের মূল্য সামঞ্জস্যকরণের মাধ্যমে। মূল কথাটা হলো, ভর্তুকির বরাদ্দ যদি পুনর্বিবেচনা করা হয়, তবে দেখতে হবে বিতরণ বিন্যাসের পরিবর্তনের কারণে যেন বৈষম্য সৃষ্টি না হয়। এমন যেন না হয়—যাদের ক্রয়ক্ষমতা বেশি তারা যেন গরিব মানুষদের চেয়ে সরকারের আর্থিক অনুগ্রহ বেশি না পায়।বিদ্যুৎ খাত নিয়ে অর্থমন্ত্রীর উচ্চাশা দ্বারা আমি খুব অনুপ্রাণিত হতে পারলাম না। কারণ, বিদ্যুৎ খাতের বর্ণনায় বারবার ‘স্থাপিত ক্ষমতা’ উল্লেখ করা হয়েছে, প্রকৃত উৎপাদন নয়। সিপিডির হিসাবে জুন ২০১২-তে এই প্রকৃত নিট উৎপাদনের পরিমাণ হলো প্রায় পাঁচ হাজার ২৮০ মেগাওয়াট, অর্থাৎ নিট উৎপাদন বেড়েছে প্রায় দুই হাজার মেগাওয়াট (অর্থাৎ ৩৩০০ মেগাওয়াট নয়)। এই সংখ্যাটিকে আদৌ ছোট করে দেখছি না। তবে এটা তো কোনো অজানা বিষয় নয় যে, ভর্তুকি কমানো ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের প্রয়োজনে ভাড়াটে বিদ্যুৎকেন্দ্রগুলো কম উৎপাদন করেও পূর্ণ ক্ষমতার সমপরিমাণ অর্থ সরকারের কাছ থেকে পাচ্ছে। যদি ২০১৬-এর মধ্যে বাড়তি আট হাজার ২৯৪ মেগাওয়াট যুক্ত হলেও তার জন্য বাজেটে প্রয়োজনীয় আর্থিক অবস্থান আছে কি না, তা ব্যাখ্যার অপেক্ষা রাখে।এবারের বাজেট বক্তৃতার গ্রন্থনা ও উপস্থাপনা ছিল চিন্তাশীল ও প্রাঞ্জল। কিন্তু তার মধ্যেও বাদ পড়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়—যেমন, সরকারি প্রতিষ্ঠানের বিরাষ্ট্রীয়করণের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি, ভারত-বাংলাদেশ ট্রানজিটের থেকে আয়, ও জ্বালানি মূল্য সমন্বয় পরিকল্পনা। কালোটাকাকে প্রশ্রয় দেওয়ার কথাও অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আদৌ উল্লেখ করেননি। শেষ বিচারে একটি বাজেটের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে তার বাস্তবায়নের পারদর্শিতার ওপর। সেটা মনে রেখে বিজ্ঞ রাজনীতিবিদ চার্চিলের ভাষায় বলতে হয়, ‘বর্তমান যদি অতীতকে বিচার করতে বসে তাহলে ভবিষ্যৎ হারিয়ে যায়।’ তাই অতীত দিয়ে বিচার না করে নতুন বাজেটে নতুন ভবিষ্যৎ দেখার প্রত্যাশায় রইলাম।ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিশেষ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ