বিশ্বাসে ফেরার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে পত্রপত্রিকায় সাকিব আল হাসানের ক্রিকেটীয় ভঙ্গিহীন কিছু ছবি দেখছি। এসবের একটিতে চোখ আটকে গেল। গ্রিলের আড়ালে বিষণ্ন, বেহাল সাকিবের বসার ভঙ্গি। দৃষ্টি উদাস, নীলিমায় হারানো। হাতে ধরা চিকন ছোট এক টুকরো কিছু একটা খোলা ঠোঁটের মাঝে ধরা। ছবিটা দেখে মন প্রফুল্ল হওয়ার কোনো কারণ ছিল না।ছবির বার্তা পড়ার চেষ্টা করতে হলো না। মনে পড়ল কবি রফিক আজাদের পঙিক্ত: ‘বালক ভুল করে/ নেমেছে ভুল জলে’। এ ভুল জল থেকে এ বালককে হাত বাড়িয়ে টেনে তুলতে হবে। সহনশীলতার পেলব মাটিতে চাপা দিতে হবে ৫৮-এর জঞ্জাল। ক্ষোভ ভুলে, অপমান-অসম্মানের জ্বালা ভুলে সবাইকে দলের পাশে, সাকিবের পাশে দাঁড়াতে হবে। আমরা তো ভালোবাসার অত্যাচার সহ্য করায় অভ্যস্ত। আমরা তো চণ্ডীদাসের উত্তরসূরি। কেন ডেকে বলব না: ‘মেরেছিস কলসির কানা/ তাই বলে কি প্রেম দেব না’। ওই দেখুন, কাজটা শুরু করে দিয়েছে চট্টগ্রামের কতিপয় কিশোর। ওরা ফুল দিয়ে, ফুলের ভাষায় চিঠি দিয়ে সাকিবদের বলে এসেছে, আমরাও বিশ্বাস করি, এখনই সব শেষ হয়ে যায়নি। বলে এসেছে ভালোবাসি, পাশে আছি। ওই কিশোরদের আন্তরিক ধন্যবাদ জানাই। ওদের উদ্যোগকে জানাই কৃতজ্ঞতা। ওরা সমগ্র দেশবাসীকে প্রতিনিধিত্ব করেছে। ওদের মিছিলে আপনি-আমি আজ সবাই শামিল।আমি নিশ্চিতভাবে জানি, এ মুহূর্তে ইংল্যান্ডের সঙ্গে খেলার বিশ্বকাপের এ সকালে আমাদের ক্রিকেট ঐতিহ্যের নির্মাণকারী মহানায়কেরাও চট্টলার ওই কিশোরদের সঙ্গে আছেন। সাকিবের কলমাঘাতে জর্জরিত রক্তাক্ত হূদয়ের জ্বালা ভুলে আন্তরিক শুভ কামনা নিয়ে ওঁরা সাকিবের পাশে দাঁড়াবেন। ওঁদের আশীর্বাদ আজ বড় বেশি প্রয়োজনীয় বিষয়। দেশের জন্য, দেশের ক্রিকেটের উজ্জ্বলতার ভবিষ্যতের জন্য তাঁরা অবশ্যই সহনশীল হবেন। দেশের প্রয়োজনে আজ নির্ভার সাকিবকে দরকার। সহমর্মিতায় ওকে নির্ভার করুন, সাকিবের পূর্বসূরিদের বলছি ওই দেখুন, অধিনায়কের পৃষ্ঠদেশের আড়ালে লুকানো করতল থেকে দুই উত্থিত মধ্যমা দেশবাসীর প্রতি যে অগ্রহণীয় বার্তা পাঠিয়েছে, বালকের ব্যর্থতার মুহূর্তের আক্রোশ বিবেচনায়, দেশবাসী সেটা আমলে নেয়নি। অর্বাচীনের নগ্ন প্রকাশভঙ্গি বিবেচনায় বিষয়টিকে খেলোয়াড়ি উদারতায় নিন। এ লেখার সূচনায় বর্ণিত ছবিতে সাকিবকে দেখুন। অনুশোচনাদগ্ধ অধিনায়ক গিলে খাচ্ছে তার কলমী উচ্চারণ। আজ ইংল্যান্ডের সঙ্গে খেলায় কামনা করুন সাকিব যেন ব্যাটে-বলের দাপটে, অধিনায়কের চমৎকারিত্বে যেন উচ্চারণ করতে পারে তার বিবেকদগ্ধ অনুশোচনা।আজ চট্টগ্রামে জয়ের জন্য, কোয়ার্টার ফাইনালের স্বপ্নের জন্য চাপাচাপি করতে চাই না। চাই ভালো ক্রিকেট। চাই জয়ের জন্য মরিয়া ভাবটা পরিকল্পনা বাস্তবায়নের যোগ্য আত্মপ্রয়োগ দিয়ে ফুটিয়ে তুলে দিনশেষে হাসতে। চাই আজকের ক্রিকেট দিয়ে বিশ্বকাপ-পূর্বের বিশ্বাসের জায়গায় ফিরতে। জয় হোক আমাদের ক্রিকেটারদের। জয় হোক ক্রিকেট-জনতার বিশ্বাসের।