বিশ্বে ক্ষুদ্রঋণের প্রসার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সাল নাগাদ সারা বিশ্বের প্রায় সাড়ে ১৭ কোটি অতি দরিদ্র পরিবার ক্ষুদ্রঋণের সুবিধা পাবে। এর পাশাপাশি ১০ কোটি পরিবার দৈনিক কমপক্ষে সোয়া এক মার্কিন ডলার (১০০ টাকার ওপরে) খরচ করার সক্ষমতা অর্জন করবে।‘স্টেট অব দ্য মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইন রিপোর্ট ২০১১’-এ এমন লক্ষ্যের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ৭ মার্চ প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ বছরে ক্ষুদ্রঋণের গ্রহীতা ১৬ গুণ বেড়েছে। ১৯৯৭ সালে ক্ষুদ্রঋণের গ্রাহক ছিল মাত্র ৭৬ লাখ।প্রতিবেদনে একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষুদ্রঋণ নিয়ে বাংলাদেশের প্রায় ২০ লাখ দরিদ্র পরিবার দৈনিক সোয়া এক ডলারের বেশি খরচ করার সামর্থ্য অর্জন করেছে।প্রতিবেদনের সূচনা অধ্যায়টি মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইনের সহ-প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি উদ্ধৃতি দিয়ে শুরু করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশি এই নোবেল বিজয়ীর সামাজিক ব্যবসাসংক্রান্ত একটি প্রবন্ধও রয়েছে। এ ছাড়া ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের একটি সাক্ষাৎকারও প্রতিবেদনে রয়েছে। ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক সাজ্জাদ জহিরের একটি প্রতিবেদনও এখানে রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন হাজার ৫৮৯টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১৯ কোটি লোকের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে এশিয়া, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকাসহ বিভিন্ন দেশের মোট ১২ কোটি ৮২ লাখ ২০ হাজার ৫১টি অতি দরিদ্র পরিবার ক্ষুদ্রঋণ পেয়েছে। সাধারণত এসব পরিবারের নারীরাই এই ক্ষুদ্রঋণের গ্রহীতা। সেই হিসাবে, ১০ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ১১৫ জন নারী। অর্থাৎ ৮১ দশমিক ৭০ শতাংশই নারী ঋণগ্রহীতা।প্রতিবেদনে বাংলাদেশের বৃহৎ দুটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ব্র্যাকসহ বিশ্বের ৩২৭টি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই ৯৩ শতাংশ ক্ষুদ্র ঋণগ্রহীতা ঋণ পেয়েছেন। এর মধ্যে ৯২টি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও বাংলাদেশে।প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর নাগাদ গ্রামীণ ব্যাংকের অতি দরিদ্র গ্রাহকসংখ্যা ছিল ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে ৯৭ শতাংশই নারী। অন্যদিকে আলোচ্য সময়ে ব্র্যাকের ক্ষুদ্র ঋণগ্রহীতার সংখ্যা ৪২ লাখ ১০ হাজার। তাঁদের ৯৯ শতাংশই নারী।এ ছাড়া প্রতিবেদনে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, আশা, ব্যুরো বাংলাদেশ, কৃষি ব্যাংক, টিএমএসএস, পদক্ষেপ, কারিতাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে।প্রতিবেদনে প্রকাশিত সামাজিক ব্যবসাসংক্রান্ত প্রবন্ধে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দাতব্য ব্যবস্থা ছাড়াই বিশ্বের পরিবর্তন চায় সামাজিক ব্যবসা। দাতব্য ব্যবস্থা একটি চমৎকার উপায়। কিন্তু দাতব্য ব্যবস্থার অর্থ চিরতরে চলে যায়, কখনো ফিরে আসে না। সামাজিক ব্যবসায় মুনাফার অর্থ কখনো উত্তোলন করা যায় না। মুনাফার অর্থ পুনর্বিনিয়োগ হয়। সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক ও অর্থনেতিক সমস্যার সমাধান করা সম্ভব। এতে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে।প্রকাশিত সাক্ষাৎকারে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ বলেন, ‘ক্ষুদ্রঋণের অন্যতম একটি বড় দিক হলো ৩০ বছর ধরে এটি দরিদ্র মানুষকে সামাজিক স্বীকৃতি প্রদানে সহায়তা করছে। দরিদ্র মানুষের স্বকীয়তাবোধের সম্মান জানাতে আমরা আর্থিক সহায়তা করেছি। আমরা দেখেছি, দারিদ্র্য বিমোচনের বহুমাত্রিক উপায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিছু ক্ষুদ্র অর্থায়নকারী মনে করেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে বিপুল অর্থ আয় করা সম্ভব। এটা আমাকে চিন্তিত করে। আমি যৌক্তিকভাবে মনে করি, যখন বিনিয়োগ থেকে আয়ের হার বেশি হয়, তখন সেই খাতে অর্থপ্রবাহ বাড়বে। কিন্তু মানুষের এই ধরনের সুবিধা নেওয়া উচিত নয়, দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থ আয় করা ঠিক নয়।’ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) পরিচালক সাজ্জাদ জহির জানান, ২০০৯ সালের ফেব্রুয়ারি-আগস্ট পর্যন্ত চার হাজার ক্ষুদ্র ঋণগ্রহীতার ওপর সমীক্ষা চালায় ইআরজি। এতে দেখা যায়, ১৯৯০ থেকে ২০০৮ সালের মধ্যে ১৮ লাখ ঋণগ্রহীতা দৈনিক সোয়া এক ডলার খরচ করার সক্ষমতা অর্জন করেছে।