গত ৩০ বছরে অনেক চেষ্টার পরও বিশ্বে প্রতিদিন সাত হাজার মানুষ নতুনভাবে এইচআইভি সংক্রমিত হচ্ছে। এদের মধ্যে এক হাজার শিশু। দুর্বল অবকাঠামো, আর্থিক অসামর্থ্য এবং দুর্বল মানুষ ও শ্রেণীর প্রতি বৈষম্য এখনো এইচআইভি প্রতিরোধ, চিকিৎসা ও সেবার পথে বাধা হয়ে আছে। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের সর্বশেষ প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে এই প্রতিবেদন প্রকাশ করেন। আগামী ৮-১০ জুন জাতিসংঘের সাধারণ পরিষদে এইডসবিষয়ক উচ্চপর্যায়ের সভা সামনে রেখে তিনি এ প্রতিবেদন প্রকাশ করেছেন। গতকাল ইউএনএইডসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।জাতিসংঘের মহাসচিব বিশ্বব্যাপী এইডসবিষয়ক কর্মকাণ্ড জোরদার করার জন্য প্রতিবেদনে পাঁচ দফা সুপারিশ করেছেন। এগুলো হলো: এইচআইভি প্রতিরোধ আন্দোলনে যুবশক্তি ব্যবহার; এইচআইভি প্রতিরোধ, চিকিৎসা, সেবা এবং ২০১৫ সাল নাগাদ সহায়তার জন্য সর্বজনীন সুযোগ বাস্তবায়ন; এইচআইভি কর্মসূচি আরও ব্যয়সাশ্রয়ী, কার্যকর ও টেকসই করতে বিভিন্ন দেশের জন্য কাজ করা; স্বাস্থ্য, মানবাধিকার, নারী ও মেয়েদের মর্যাদা উন্নত করা এবং এইডসবিষয়ক প্রতিশ্রুতিকে কাজে পরিণত করতে পারস্পরিক জবাবদিহি নিশ্চিত করা।‘ইউনাইটিং ফর ইউনিভার্সাল অ্যাকসেস: টুয়ার্ডস জিরো নিউ এইচআইভি ইনফেকশনস, জিরো ডিসক্রিমিনেশন অ্যান্ড জিরো এইডস-রিলেটেড ডেথ’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক দশকে আফ্রিকার সাবসাহারা অঞ্চলের ২২টিসহ বিশ্বের ৩৩টি দেশে এইচআইভি সংক্রমণের হার ২৫ শতাংশ কমেছে। ২০১০ সালের শেষ নাগাদ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ৬০ লাখ মানুষ এইচআইভি/এইডস চিকিৎসার ওষুধ পেয়েছে। বিশ্বের ৫০ শতাংশের বেশি মা ২০০৯ সালে মা থেকে শিশুতে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ সেবার আওতায় আসে।গতকাল বান কি মুন সংশ্লিষ্ট সব পক্ষকে ছয়টি লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এগুলো হচ্ছে: যৌনবাহিত এইচআইভি সংক্রমণ ৫০ শতাংশ কমানো; মা থেকে শিশুতে সংক্রমণ নির্মূল; এইচআইভি সংক্রমিত মানুষের যক্ষায় মৃত্যু ৫০ শতাংশ হ্রাস; এক কোটি ৩০ লাখ মানুষের এইচআইভি চিকিৎসা নিশ্চিত করা; এইচআইভি সংক্রমিতদের প্রবেশ, অবস্থান ও বসবাস বিষয়ে নিষেধাজ্ঞা থাকা দেশের সংখ্যা ৫০ শতাংশ কমানো এবং এইডসের কারণে যেসব শিশু এতিম হয়েছে বা ঝুঁকিতে আছে তাদের শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা।