সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়ায় আক্রান্তের হার বেশি। প্রতি ২০ সেকেন্ডে এই রোগে একটি শিশু মারা যাচ্ছে। এই রোগ থেকে শিশুদের রক্ষা করতে সরকারি-বেসরকারিভাবে অচিরেই ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রতিষেধক কার্যক্রম শুরু করতে হবে। ‘বাংলাদেশে নিউমোনিয়ার প্রাদুর্ভাব এবং প্রতিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেছেন। আজ রোববার সকালে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর চট্টগ্রাম কার্যালয়ে চাইল্ড কেয়ারের (ট্রিটমেন্ট সেন্টার) সহযোগিতায় এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নিউমোনিয়া বিষয়ে তথ্য উপস্থাপন করেন চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক মাহমুদ এ চৌধুরী। তিনি উল্লেখ করেন, সারা বিশ্বে নিউমোনিয়ায় যত শিশু মারা যায়, তার ৯৯ শতাংশ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এবং সারা বিশ্বে প্রতি ২০ সেকেন্ডে এই রোগে আক্রান্ত হয়ে একটি করে শিশু মারা যাচ্ছে।মাহমুদ এ চৌধুরী আরও বলেন, নিউমোনিয়া হচ্ছে ফুসফুসে সংক্রমণজনিত রোগ, যেখানে পানি জমে রোগীর শ্বাসকষ্ট হয়। পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় করে প্রতিষেধক দিতে পারলে শিশুর নিউমোনিয়া প্রতিরোধ এবং শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যেতে পারে। ‘ডেইলি স্টার’-এর চট্টগ্রাম কার্যালয়ের প্রধান এ কে এম রইসুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সাদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ঝুলন দাশ শর্মা, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের চিকিৎসক আঞ্জুমান আরা ইসলাম, মো. বদরুদ্দোজা প্রমুখ।