বিশ্বে ভুট্টা, সয়াবিনের দাম বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে সবচেয়ে বেশি ভুট্টা ও সয়াবিন উত্পাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। অথচ খোদ এই দেশটিতেই শস্য দুটির উত্পাদনে ব্যাপক ঘাটতি দেখা দেওয়ায় দাম বাড়ছে হু হু করে। ১৯৮৮ সালের পর এবারই ভয়াবহ খরায় আমেরিকায় ভুট্টা ও সয়াবিনের আশানুরূপ ফলন হচ্ছে না। ফলে এ বছরও খুব সুবিধা করতে পারছে না শস্য দুটির সর্বোচ্চ রপ্তানিকারক দেশটি। এর প্রভাবে বিশ্বে ভুট্টা ও সয়াবিনের দাম বাড়তে পারে। যার প্রভাব সামগ্রিক বিশ্ব অর্থনীতিতেও পড়বে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র সরকার।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে ভুট্টা ও সয়াবিনের দাম বেড়েছে। কারণ এ দুটি শস্য উত্পাদনে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড দাবদাহের কারণে কৃষিজমিতে পানি শূন্যতার সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলের অর্ধেকাংশে দাবদাহ কিছুটা কমেছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভুট্টা ও সয়াবিন চাষে যে পরিমাণ পানির প্রয়োজন, পরবর্তী এক সপ্তাহে তা পাওয়া সম্ভব হবে না।গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক সমীক্ষায় বলা হয়, ১৯৮৮ সালের তীব্র খরার পর এই বছরই ভুট্টা ও সয়াবিনের উত্পাদন সবচেয়ে কম হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে শস্যগুলো রীতিমতো ঝলসে যাচ্ছে।প্রচণ্ড দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে ভুট্টা গাছগুলোর পরাগায়ন প্রক্রিয়ায় দারুণ ব্যাঘাত ঘটছে। এতে ভুট্টা উত্পাদনে দেশটির যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা অপূরণীয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।মিসৌরি অঙ্গরাজ্যের কৃষক উইল স্পারগো জানান, ওই অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত চার মাসে এক থেকে দুই ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। ওই এলাকায় যথেষ্ট পরিমাণ সেচের সুযোগ নেই। সেচের খরচও বেশ ব্যয়বহুল। তা ছাড়া পুরো অঞ্চলেই শুষ্ক বাতাস বইছে। তাই প্রচণ্ড দাবদাহে পুড়ে যাওয়া শস্যগুলোতে আর্দ্রতা ফিরিয়ে আনতে কুয়া থেকে পানি তোলা ছাড়া কোনো বিকল্প নেই কৃষকদের কাছে।এ বছর বসন্তে ভুট্টা আর সয়াবিনের জন্য বেশ উপযোগী আবহাওয়া ছিল। তাই শরতে এ দুটি ফসলের বাম্পার ফলন হওয়ার প্রত্যাশা করছিলেন শস্য বিশ্লেষকেরা। কিন্তু দাবদাহ আর খরা তাঁদের সেই আশায় যেন গুঁড়েবালি হয়ে দেখা দিয়েছে।যুক্তরাষ্ট্র প্রতি বছর উত্পাদিত ভুট্টার অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে রপ্তানি। আর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের সয়াবিনের চাহিদার মূল জোগানদারও যুক্তরাষ্ট্র। এই দুটি শস্য উত্পাদনে এমন ভরাডুবি দেশটিকে ভয়াবহ ক্ষতির মুখে ফেলবে। মার্কিন অর্থনীতি এমনিতেই কঠিন সময় পার করছে। তার ওপর এই খরা সরকারের বাজেটের ওপরও প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।