বিশ্বে মৃত্যুদণ্ড কমছে: অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী ২০১২ সালে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদানের প্রবণতা কমছে। তবে কয়েকটি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ভারত, জাপান, পাকিস্তান ও গাম্বিয়ায় মৃত্যুদণ্ডাদেশ প্রদানের প্রবণতা উদ্বেগজনক। চীন, ইরান, ইরাক, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি বলেন, বিশ্বের বেশির ভাগ দেশে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এখন অতীতের বিষয়ে পরিণত হচ্ছে।ইরাকে মৃত্যুদণ্ড কার্যকর করার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের তথ্য অনুযায়ী, ২০১১ সালে দেশটিতে ৬৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১২ সালে তা বেড়ে ১২৯-এ দাঁড়িয়েছে।সংগঠনটির তথ্যমতে, গত বছর ইরানে কমপক্ষে ৩১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। আর সৌদি আরবে ৭৯ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৪৩।তবে চীনে কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা কার্যকর হয়, তার সঠিক কোনো পরিসংখ্যান পায়নি অ্যামনেস্টি। এ তথ্য দেশটি গোপন রেখেছে। তবে চীন জনবহুল দেশ হওয়ায় এখানে কয়েক হাজার ব্যক্তি মৃত্যুদণ্ডের সাজা পান এবং বেশ কিছু দণ্ডাদেশ কার্যকর করা হয়।বিশ্বের ৯৭তম দেশ হিসেবে লাটভিয়া সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করেছে।