বিশ্বে ম্যালেরিয়ায় প্রাণহানি ৪০ শতাংশ কমেছে: হু
বিশ্ব জুড়ে গত এক দশকে ম্যালেরিয়ায় প্রাণহানির সংখ্যা প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।সংস্থাটির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভয়ংকরভাবে আক্রান্ত ১০৮টি দেশের মধ্যে এক-তৃতীয়াংশ দেশে ১০ বছরের মধ্যে ম্যালেরিয়ায় সমূলে উত্পাটিত হবে।সংস্থাটি জানিয়েছে, ২০০৭ সালে থেকে এ পর্যন্ত তিনটিরও বেশি দেশ থেকে ম্যালেরিয়া সমূলে উত্পাটিত হয়েছে। সাব সাহারান আফ্রিকায় ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্বব্যাপী ম্যালেরিয়ায় মোট প্রাণহানির ৮৫ শতাংশই ঘটে এ অঞ্চলে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, ২০০৯ সালে সারা বিশ্বে ম্যালেরিয়ায় সাত লাখ ৮১ হাজার লোক মারার গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি লক্ষ্যমাত্রা অটুট থাকে, তবে ২০১৫ সাল নাগাদ ম্যালেরিয়ার হাত থেকে বিশ্বের আরও ৩০ লাখ জীবন রক্ষা করা সম্ভব হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ম্যালেরিয়া প্রকল্পের প্রধান রবার্ট নিউম্যান বলেছেন, ‘ম্যালেরিয়া উত্পাটনে সমগ্র বিশ্বে লক্ষণীয় উন্নতি হয়েছে।’