বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে: ইউনিসেফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত ১৯ বছরে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে আজ এ তথ্য জানিয়েছে। তবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার কমিয়ে আনার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনের ক্ষেত্রে এই হার সন্তোষজনক নয় বলে ইউনিসেফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (এমডিজি-৪) অনুযায়ী, ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার কথা বলা হয়। দ্য লেনসেট মেডিকেল জার্নালের বিশেষ সংস্করণে প্রকাশিত ইউনিসেফের ওই তথ্যে দেখা যায়, বৈশ্বিকভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় ২০০৯ সালে এক-তৃতীয়াংশ কমেছে। ১৯৯০ সালে শিশু মৃত্যুর সংখ্যা ছিল এক কোটি ২৪ লাখ, যা ২০০৯ সালে কমে হয়েছে ৮১ লাখ। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে পাঁচ বছরের কম বয়সী এক হাজার শিশুর মধ্যে ৮৯ জন মারা যেত। কিন্তু ২০০৯ সালে এই মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ৬০ জন।ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু মারা যায়, তাদের অর্ধেকই নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান ও চীনের। আফ্রিকার সাব-সাহারান এলাকায় পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই অঞ্চলে প্রতি আট জনে একজন শিশু মারা যায়। উচ্চ শিশু মৃত্যুর তালিকায় দক্ষিণ এশিয়ার অবস্থান দ্বিতীয়তে। এ অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রতি ১৪ জনে একজন মারা যায়।ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে, ভালো খবর হল; হিসাব অনুযায়ী ১৯৯০ সালের সঙ্গে তুলনা করলে এখন বিশ্বে প্রতিদিন ১২ হাজার শিশু কম মারা যায়। কিন্তু দুঃখজনক হলো, প্রতিরোধ করা যায় এমন কারণেও এখনো অনেক শিশু মারা যাচ্ছে। পাঁচ বছরের কম বয়সী প্রায় ২২ হাজার শিশু এখনো প্রতিদিন মারা যায়। এর মধ্যে ৭০ শতাংশ শিশুই তাদের জন্মের এক বছরের মধ্যে মারা যায়। -রয়টার্স।