বিশ্বে শিশু মৃত্যুর হার ব্যাপক কমেছে
বিশ্বে পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার ব্যাপকভাবে কমে এসেছে। ১৯৯০ সালে যে সংখ্যা ছিল বছরে এক কোটি ২০ লাখ, ২০১০ সালে সে সংখ্যা কমে হয়েছে ৭৬ লাখ।ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি ও টিকার কারণে এ পরিবর্তন এসেছে। তবে জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে শিশু মৃত্যুর হার কমাতে আরও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তাদের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ, এত কিছুর পরও প্রতিদিন ২১ হাজার শিশু মারা যাচ্ছে—যা কিনা সহজে ঠেকানো সম্ভব।উল্লেখ করা যেতে পারে, বিশ্বের দরিদ্রতম এলাকায় শিশু মৃত্যুহার কমানোর ব্যাপারে ব্যাপক উন্নতি হয়েছে। আফ্রিকা মহাদেশের সাব সাহারা এলাকায় গত এক দশকে শিশু মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে।ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, সবচেয়ে অনগ্রসর এলাকায় আরও বিনিয়োগ এলে তা শিশু মৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করবে। এটা আর্থিকভাবেও সাশ্রয়ী হবে।শিশু মৃত্যুর হার কমানোর পেছনে বেশ কিছু কারণ দায়ী। নবজাতকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, শিশু রোগের চিকিত্সা, পরিস্রুত পানি ও উন্নত পুষ্টি বাঁচাতে পারে অনেক শিশুর জীবন।বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম আফ্রিকার সিয়েরা লিওন। এই দেশটি গত এক দশকে শিশু মৃত্যুর হার কমানোর ব্যাপারে অনেক উন্নতি করেছে। এ ব্যাপারে বিশ্বে দেশটির অবস্থান পঞ্চম। সিয়েরা লিওনের আগে আছে আফ্রিকার দেশ নাইজার, মালাউয়ি, লাইবেরিয়া ও এশিয়ার পূর্ব তিমুর। ইউনিসেফের কর্মকর্তারা বলছেন, সিয়েরা লিওনের এই সাফল্যের মূল কারণ দেশটি শিশু ও মায়েদের চিকিত্সার সব খরচ বহন করছে। ২০১০ সালে বিশ্বে যেসব শিশু মারা গেছে, তাদের অর্ধেকই পাঁচটি দেশের। এ দেশগুলো হলো—ভারত, চীন, পাকিস্তান, নাইজেরিয়া ও গণতান্ত্রিক কঙ্গো।ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের নিচে যেসব শিশু মারা যায়, তাদের মধ্যে ৪০ শতাংশই মারা যায় জন্মের প্রথম মাসে। আর শতকরা ৭০ জনই মারা যায় জন্মের এক বছরের মধ্যে। আফ্রিকার সাব সাহারা এলাকায় পাঁচ বছরের নিচে প্রতি আটজন শিশুর একজন মারা যায়। সেখানে উন্নত দেশগুলোতে পাঁচ বছরের নিচে প্রতি ১৪৩ জন শিশুর একজন মারা যায়।