বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে
পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার গত ২০ বছরে বেশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। গত বছর এই বয়সী শিশুর মৃত্যুর সংখ্যা ছিল ৭৯ লাখ যা ১৯৯০ সালে ছিল এক কোটি ২০ লাখ। ইউনিসেফের তথ্য অনুুযায়ী, ২০১১ সালে বিশ্বে প্রতিদিন ১৯ হাজার জন পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউনিসেফ জানায়, দরিদ্র দেশগুলোতে শিশুমৃত্যুর হার কমে যাওয়ায় এ অবস্থার উন্নতি ঘটেছে। আবার শিশুদেরকে মায়ের দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করায় ও সাধারণ রোগব্যাধির বিরুদ্ধে লড়াই করতে বিদেশি সহায়তা দেওয়ার কারণে এ লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। যেসব দেশ বিদেশি সহায়তা পেয়েছে, সেসব দেশে উল্লেখজনকভাবে শিশুমৃত্যুর হার কমেছে।ইউনিসেফের যুক্তরাজ্যের পরিচালক ডেভিড বুল বলেন, ‘যেসব দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি কমেছে, সেসব দেশের মধ্যে প্রথম তিনটি দেশ হলো লাওস, পূর্ব তিমুর ও লাইবেরিয়া। আমার মতে, এসব দেশে বিদেশি সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’২০০০ সালে হামের মতো সংক্রামক রোগে আক্রান্ত হয়ে বিশ্বে পাঁচ লাখ শিশু মারা যায়। আর ২০১১ সালে এ সংখ্যা কমে এক লাখে পৌঁছায়।ইউনিসেফ জানায়, গত বছর পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু মারা যায়, এর মধ্যে অর্ধেকই ছিল ভারত, নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান ও চীনের। ২০০১ সালে সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতে এ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়।কঙ্গো. চাদ, সোমালিয়া, মালি, ক্যামেরুন এবং বুরকিনা ফাসোতে ওই বয়সী শিশুদের মৃত্যুর বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ১৯৯০ সালের তুলনায় ২০১১ সালে মৃত্যুর সংখ্যা ১০ হাজার বেড়েছে। গত বছর আফ্রিকার সাব-সাহারা দেশগুলোতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ লাখ শিশু মরা যায়।বিশ্বজুড়ে শিশুর মৃত্যুর কারণগুলোর মধ্যে অন্যতম নিউমোনিয়া (১৮ শতাংশ), জন্ম-পূর্ববর্তী জটিলতা (১৪ শতাংশ), ডায়রিয়া (১১ শতাংশ), জন্ম-সম্পর্কিত জটিলতা (৯ শতাংশ) ও ম্যালিরিয়া (৭ শতাংশ)।