বিশ্বে সন্ত্রাসী হামলা বেড়েছে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে বিশ্বে প্রতি বছর এ ধরনের হামলা চারগুণের বেশি হারে বেড়েছে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস থিংক ট্যাংক’-এর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ক উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, হামলায় সবচেয়ে আক্রান্ত হয়েছে ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান। এসব সন্ত্রাসী হামলায় ২০০৭ সালে সবচেয়ে বেশি লোক নিহত হয়। ইরাকে এ সময় সংঘর্ষের ঘটনা ছিল সবচেয়ে বেশি। তবে এখন প্রাণহানির সংখ্যা কমে এসেছে। ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত বছর হামলায় সাত হাজার ৪৭৩ জনের প্রাণহানি ঘটে। ২০০৭ সাল থেকে এ হার ২৫ ভাগ কম। গবেষণায় আরও বলা হয়, সবচেয়ে বেশি হামলা হয়েছে ইরাকে। এর পর পর্যায়ক্রমে পাকিস্তান, আফগানিস্তান, ভারত এবং ইয়েমেনে। হামলার সংখ্যা, নিহত ও আহতের সংখ্যা এবং সম্পত্তির ক্ষয়-ক্ষতির হিসাব করে এ তালিকা করা হয়েছে।ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি স্টিভ কিলেলিয়া বলেন, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার পর সন্ত্রাসী হামলা ২০০০ সালের আগের মতো কমে গিয়েছিল। তবে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে অভিযান চালানোর পর থেকে এ হার আবার উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। তিনি বলেন, গত এক দশকে সব সন্ত্রাসী হামলায় প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ইরাকে নিহত হয়েছে। বাকি ৫০ ভাগের বেশি হয়েছে ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানে। ১৫৮টি দেশের ওপর পরিচালিত ওই গবেষণামূলক জরিপে দেখা যায়, ২০০১ এর পর থেকে ৩১টি দেশে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হয়নি। এ ধরনের হামলায় সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অঞ্চল উত্তর আমেরিকার বিভিন্ন দেশ। রয়টার্স।