বিশ্বের আঙুল প্রধানমন্ত্রীর দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী, সাবেক যোগাযোগমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল দাবি করেন, ‘এখন আন্তর্জাতিক বিশ্বের আঙুল স্বয়ং প্রধানমন্ত্রীর দিকে চলে গেছে।’আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। ‘পদ্মা সেতু নির্মাণের আগেই দুর্নীতি, বিশ্বব্যাংকের সাথে চুক্তি বাতিল, আর্থিক সংকটে বাংলাদেশ ও সর্বক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজক ছিল জিয়া আদর্শ সংসদ নামের একটি সংগঠন।বিশ্বব্যাংকের চিঠি প্রকাশের দাবি জানিয়ে মির্জা ফখরুল সরকারের প্রতি বলেন, ‘পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন বলে আপনারা যে দাবি করছেন, তা প্রমাণ করতে বিশ্বব্যাংক যেসব চিঠি দিয়েছে, তা জনগণের সামনে উপস্থাপন করুন।’নৈতিকতার স্বার্থে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় আসার আগে তারা বলেছিল, দুর্নীতিতে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) দেখাবে। কিন্তু এখন ইউনিয়ন থেকে শুরু করে তারা শীর্ষ পর্যায় পর্যন্ত দুর্নীতিতে জড়িত। তারা দুর্নীতিতে এতই পারঙ্গম যে, বিশ্বব্যাংক অর্থ ছাড় করার আগেই ৩৫ মিলিয়ন ডলার হজম করে বসে আছে। পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে তাঁরা কেউ জড়িত নন—এমনটি দাবি করা হলেও কানাঘুষা আছে, প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ অনেকই এ দুর্নীতির সঙ্গে জড়িত।’চট্টগ্রামের মেয়রকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করায় দুদক তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।