বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেটের আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। আর উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেটের আওতায় আছে ২০ শতাংশের বেশি পরিবার। তবে বাংলাদেশে এই হার মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। অবশ্য বাংলাদেশে মুঠোফোনে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়ছে।জাতিসংঘের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। গতকাল সোমবার প্রকাশিত ‘ব্রডব্যান্ড ব্যবহারের চিত্র: ২০১২’ শীর্ষক প্রতিবেদনে ১৭৭টি দেশে ইন্টারনেট ব্যবহারের চিত্র তুলে ধরা হয়।প্রতিবেদনে বলা হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ (এমডিজি) অনুযায়ী, ২০১৫ সাল নাগাদ বিশ্বে ইন্টারনেট ব্যবহারের হার ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০১১ সাল নাগাদ ইন্টারনেটের আওতায় এসেছে এক-তৃতীয়াংশ মানুষ। ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে আইসল্যান্ড। দেশটির ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর সবচেয়ে পিছিয়ে আছে পূর্ব তিমুর। ইন্টারনেটের জগতে যাতায়াত আছে মাত্র দশমিক ৯ শতাংশ মানুষের।বাংলাদেশের ক্ষেত্রে ২০১১ সাল নাগাদ মোট জনসংখ্যার ৫ শতাংশ ইন্টারনেটের আওতায় এসেছে। এ ক্ষেত্রে ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। আর মুঠোফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ১৫৫তম অবস্থানে। তবে এ দেশে মুঠোফোনে সস্তায় ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বাড়ছে বলে জানায় আইটিইউ।এর আগে সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের সূচকে ৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৫তম। ইন্টারনেটের ব্যবহার এবং সমাজ ও রাজনীতিতে এর প্রভাব বিবেচনায় জরিপটি চালায় ফাউন্ডেশন।মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের চিত্রে দেখা যাচ্ছে, বিশ্বে মোট ৫৯৭ কোটি মুঠোফোন ব্যবহারকারীর মধ্যে ইন্টারনেটের সংযোগ আছে ১০৯ কোটি ব্যবহারকারীর। আল-জাজিরা।