বিশ্বের নেতৃত্ব পশ্চিমাদের হাতেই: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নতুন বৈশ্বিক শক্তির উত্থান সত্ত্বেও পশ্চিমারাই বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের সামনে এক বক্তৃতায় যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর বিবিসির। ওবামা বলেন, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো উঠে আসছে ঠিকই, কিন্তু বৈশ্বিক স্তরে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের প্রভাব এখনো প্রয়োজনীয়। তিনি উল্লেখ করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ব্রিটেন এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদ্যোগের চালিকাশক্তি।’বিশ্বে নতুন অর্থনৈতিক শক্তির উত্থানে পশ্চিমাদের ভূমিকা হ্রাস পাওয়ার ধারণা ওবামা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘আমাদের নেতৃত্ব দেওয়ার সময় এখনই।’ওবামা বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় পশ্চিমাদের সম্পর্কে যে অবিশ্বাস রয়েছে, তা অতিক্রম করতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অবশ্যই ইসলামের বিরুদ্ধে নয়।